মামলার সব আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের বেলাল সরদার (২৫) হত্যা মামলায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ১৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে নিহত বেলালের পরিবারের লোকজন এ সময় আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর ভোরে বেলালকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান আক্তারুজ্জামানের সঙ্গে বিরোধের জের ধরে বেলাল খুন হন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই জালাল উদ্দিন সরদার বাদী হয়ে আক্তারুজ্জামানকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৭ সালে ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১২ সালের ১৪ ডিসেম্বর মামলার প্রধান আসামি আক্তারুজ্জামান খুন হন এবং এর আগে শামসুল হক নামের এক আসামি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে বেলালের এক আত্মীয় বলেন, মামলার বাদী জালাল উদ্দিন সরদার ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি (জালাল) পলাতক। মামলার সাক্ষীরা ঠিকমতো সাক্ষ্য না দেওয়ায় আসামিরা খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিরোজপুরের সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন বলেন, মামলার বাদী সাক্ষ্য না দেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা দোষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সব আসামি খালাস পেয়েছেন।