মামলার সাক্ষী পুলিশের তদন্তের পর আসামি!
আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলীর (১৪) বিরুদ্ধে মামলা হয়েছিল। ধর্ষণের শিকার শিশুটির চাচাতো ভাইকে (৮) মামলার সাক্ষী করা হয়। কিন্তু পুলিশ তদন্ত শেষে শিশুটির চাচাতো ভাইকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে।
গতকাল সোমবার ছেলেটির বাবা তাকে নিয়ে ঝিনাইদহ আদালতে জামিনের জন্য যান। কিন্তু নিয়মিত আদালত না চলায় জামিনের আবেদন করা যায়নি।
পুলিশ ও ছেলেটির পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তফাপুরে একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। মামলায় ইউসুফ আলী নামের একজন আসামি থাকলেও পরে ধর্ষণের শিকার শিশুটির চাচাতো ভাইকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। ছেলেটির পরিবার বলছে, ছেলেটি ইউসুফের প্রলোভনে তার চাচাতো বোনকে ডেকে দিয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহের কালীগঞ্জ থানার সেই সময়ের ওসি (তদন্ত) ইউনুচ আলী বলেন, মেয়েটি তার জবানবন্দিতে বলেছে তার চাচাতো ভাই তাকে ডেকে দিয়েছিল। যে কারণে কিশোর অপরাধ আইনে ধর্ষণে সহযোগিতার অভিযোগে তার নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
ছেলেটির বাবা বলেন, তিনি পড়ালেখা জানেন না। যে ঘটনায় তাঁর ছেলেকে আসামি করা হয়েছে, সে সময় তাঁর ছেলে অন্যদের সঙ্গে খেলা করছিল। তাকে দিয়ে ইউসুফ মেয়েটিকে ডেকে এনেছে বলে শুনেছেন। সবাই নানা কথা বলে ভয় দেখাচ্ছে। যে কারণে সোমবার আদালতে জামিনের জন্য গিয়েছিলেন। গতকাল শিশুটিকে তার বাবা আদালতে নেওয়ার পর থেকে সেখানে সারাক্ষণ সে খেলায় মেতে ছিল।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ছেলেটি নির্দোষ। মামলার আসামি তাদের গ্রামের ইউসুফ আলী আম খাওয়ার প্রলোভন দিয়ে ছেলেটিকে দিয়ে তার মেয়েকে ডেকে নেয়।
এরপর মেয়েটিকে ধর্ষণ করে ইউসুফ। ইউসুফ বেশ কিছুদিন কারাগারে থেকে দুই সপ্তাহ আগে জামিনে ছাড়া পেয়েছে। তারা ছেলেটির বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি।