মামলার সাক্ষী হাজির করানো তাঁর নেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যালো...হ্যালো। আমি ঢাকার সদর কোর্টের ওসি বলছি, কাল আপনার আদালতে সাক্ষ্যের দিন। অবশ্যই আসবেন।’ প্রতিদিন সকাল-বিকেল এভাবেই মামলার সাক্ষীদের ফোন করেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান। তিন বছর ধরে তিনি এ কাজই করে যাচ্ছেন। এখন সাক্ষী হাজির করানো তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, পরিদর্শক আসাদুজ্জামান গত ১০ মাসে সাড়ে চার হাজার সাক্ষী আদালতে হাজির করে রেকর্ড গড়েছেন। এর আগে এত কম সময়ে এত বেশি সাক্ষী হাজির করার কোনো নজির নেই।
পুলিশ পরিদর্শক হিসেবে আসাদুজ্জামান চাকরি করতেন মানিকগঞ্জে। সেখানে সড়ক দুর্ঘটনায় এক হাত হারান। এরপর বদলি হয়ে আসেন ঢাকার আদালতে। এখন আদালতে সাক্ষী হাজির করানোই তাঁর কাজ।
আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ১৯৯৪ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। কর্তব্য পালনের সময় সড়ক দুর্ঘটনায় বাঁ হাত হারান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে এমএ পাস করেন। দুই সন্তানের বাবা এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আদালতে বদলি হয়ে এসে দেখলাম, সাক্ষীর অভাবে খুন, ধর্ষণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলার দুর্ধর্ষ আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে তৎপরতা শুরু হয়। সেই উদ্যোগের মাধ্যমে আসামি হাজির করানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে গত বছরের মে থেকে নিজের অফিসে বসে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সাক্ষীদের ফোন করতে শুরু করি।’
ঢাকার জেলা পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের দেওয়া তথ্যমতে, গত বছরের মে মাস থেকে ঢাকা জেলা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতে ৪ হাজার ৩৫৪ জন সাক্ষী হাজির হয়েছেন। এর মধ্যে সাধারণ সাক্ষী আছেন আড়াই হাজার। আর পুলিশ সাক্ষী আছেন প্রায় দুই হাজার। ৭ জানুয়ারি ঢাকা সদর কোর্টের সাধারণ নিবন্ধন কার্যালয়ে দেখা যায়, রাত ১০টায় নিজ কার্যালয়ে বসে আছেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান। সঙ্গে আছেন অফিস সহকারী মাসুদ। ফোনে সমানে সাক্ষীদের তাগাদা দিয়ে যাচ্ছেন।
আদালত সূত্র জানায়, সাক্ষীর অভাবে বছরের পর বছর ঢাকার মহানগর, ঢাকার দায়রা জজ, ঢাকার মহানগর হাকিম (সিএমএম) এবং ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজিএম) আদালতে অনিষ্পন্ন মামলার সংখ্যা বাড়ছে। সাক্ষী না পাওয়ায় অপরাধও প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্রপক্ষ।
জেলা ও দায়রা জজ আদালতের উচ্চপদস্থ এক বিচার বিভাগীয় কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পরিদর্শক আসাদুজ্জামান রেকর্ডসংখ্যক সাক্ষী হাজির করতে পেরেছেন। দিন-রাত পরিশ্রম করে সাক্ষী হাজির করছেন তিনি। তিনি বলেন, তাঁর মতো করে ঢাকা মহানগরসহ সারা দেশের আদালতগুলোতে পুলিশ কর্মকর্তারা এভাবে দায়িত্ব পালন করলে সাধারণ মানুষ লাভবান হতেন।