মামলার সাক্ষীদের আসামি করলেন থানার ওসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকসংশ্লিষ্ট এক মামলায় সাক্ষীদের আসামি করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চালাকচর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. শাফি মিয়া ১৮ জুলাই চালাকচর বাজার এলাকা থেকে ১২ বাক্স বিয়ারসহ সজীব মোদক নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে তিনি স্থানীয় বাজার সমিতি ও এলাকাবাসীর সহায়তায় সজীবকে পুলিশের কাছে সোপর্দ করেন। সে সময় ঘটনাস্থলে উপস্থিত চালাকচর বাজার কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, শেখ মার্কেটের মালিক আসলাম শেখ, স্থানীয় রুনা প্রেক্ষাগৃহের মালিক মো. মানিক মিয়া, স্বর্ণ ব্যবসায়ী উজ্জ্বল চন্দ্র পালকে ঘটনার সাক্ষী করে পুলিশ। কিন্তু পরে সজীবের পাশাপাশি সাক্ষীদেরও মামলার আসামি করা হয়। গ্রাম পুলিশ মো. শাফি বলেন, ‘বিয়ারসহ মাদক ব্যবসায়ী সজীব মোদককে ধইরা আমি পুলিশে খবর দেই। পরে থানার এএসআই নজরুল ইসলাম ও এএসআই আব্বাসসহ পুলিশের একটি দল বাজারে আইসা তারে নিয়া যায়। সে সময় চালাকচর বাজার কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, আসলাম শেখ, মানিক মিয়ার সামনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করে সজীব। পরে শুনছি বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধেও নাকি মামলা হয়েছে।’ চালাকচর বাজারের শেখ মার্কেটের মালিক আসলাম শেখ প্রথম আলোকে বলেন, ‘সজীবকে থানায় নেওয়ার সময় পুলিশ আমার নাম সাক্ষী হিসেবে লিখে নিয়ে যায়। পরে শুনেছি আমাকেও মামলার আসামি করা হয়েছে।’ চালাকচর বাজার কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন সাক্ষী হিসেবে পুলিশ আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে যায়। সে সময় ঘটনাস্থল থেকে মাদকসহ একজনকে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতের বেলায় শুনি ওসি আমাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে।’ মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া সজীবকে জিজ্ঞাসাবাদ করে যাদের নাম পাওয়া গেছে, তাদের এজাহারে আসামি করা হয়েছে।’