মামলার সাক্ষীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, এ জন্য রাষ্ট্রপক্ষ সময়মতো সাক্ষীদের ট্রাইব্যুনালে হাজির করতে পারছে না।জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সংলাপে আইনমন্ত্রী গতকাল শনিবার এ অভিযোগ করেন। মন্ত্রী বলেন, সরকার সাক্ষী ও ঘটনার শিকারদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। ‘মানবতাবিরোধী অপরাধের বিচার—স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।বিচারের মান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কাজ করছেন। কোনো কোনো ক্ষেত্রে এটি আন্তর্জাতিক মানেরও ওপরে আছে। আসামিপক্ষকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে।বিচার ত্বরান্বিত করতে মার্চ থেকে আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবেন বলে আইনমন্ত্রী উল্লেখ করেন।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড বলে কিছু নেই। বাংলাদেশের আইনচর্চা ৪০ বছর ধরে পরীক্ষিত। যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন রাষ্ট্রদূত র‌্যাপ বাংলাদেশে সফরে এসে ট্রাইব্যুনাল, রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরপর স্পষ্টতই আন্তর্জাতিক অপরাধ আইনে দেশের আইনিচর্চার সবচেয়ে ভালো দিকগুলো একীভূত করা হয়েছে।’জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, পশ্চিমা দেশগুলো থেকে সাদা চামড়ার মানুষ থাকলে আন্তর্জাতিক মান বজায় থাকবে—এই প্রথাগত ধারণা ঠিক নয়।ট্রাইব্যুনালের সমর্থন করে আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম বলেন, নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদে (আইসিসিপিআর) অভিযুক্তদের যেসব অধিকার দেওয়া হয়েছে, তার সবগুলোই ট্রাইব্যুনালের আইনে আছে। এ ছাড়া বিশ্বের কোনো ট্রাইব্যুনালেই সে দেশের প্রথাগত সাক্ষ্য আইন মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।যুদ্ধাপরাধবিষয়ক গবেষক ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির এম এ হাসান বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে কাজ করা দেশীয় সহযোগীদের অনেকেরই রাজনৈতিক পরিচিতি ছিল না। ট্রাইব্যুনালের আইনে সে জন্য সংশোধনী আনা হয়েছে। সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বলেন, ট্রাইব্যুনালের মানদণ্ড আবু গারাইব কারাগার, সাদ্দাম হোসেন বা ওসামা বিন লাদেনের বিচারের মানদণ্ডের মতো নয়। এর মান নিয়ে কোনো প্রশ্ন নেই।চলমান বিচারের কারণ এবং প্রক্রিয়া সম্পর্কে জনগণকে ভালো করে জানানোর ওপর জোর দেন তথ্য কমিশনার সাদেকা হালিম। সংলাপের সঞ্চালক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে অপরাধীদের শাস্তি দিতে হবে। বিচার-প্রক্রিয়ার প্রতিকূলতাগুলো দূর করে এর গতি বাড়াতে হবে।সংলাপে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও তারিক আলী, মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল মালুম, সাইফুল ইসলাম প্রমুখ। সংলাপে উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ, তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ প্রমুখ।অনুসন্ধান কমিটি অবৈধ নয়—আইনমন্ত্রী: সংলাপ অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, বেশির ভাগ রাজনৈতিক দল অনুসন্ধান কমিটির পক্ষে মত দেওয়ায় রাষ্ট্রপতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন একটি আইন। এই আইন অনুসারেই অনুসন্ধান কমিটি করা হয়েছে। ফলে এটি কোনোভাবেই অবৈধ নয়।