মামলার সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুর্নীতির দুই মামলার সাক্ষ্য কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার তাঁর করা এই আবেদনের ওপর আদালতে শুনানি চলছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির এই দুই মামলার বিচারকাজ চলছে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের এজলাসে।

দুই মামলায় হাজিরা দিতে আজ সকালে আদালতে উপস্থিত হয়েছেন খালেদা জিয়া। সকালে গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

আদালতে আজ খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা দুই মামলার সাক্ষ্য কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেছেন। এ প্রতিবেদনে লেখা পর্যন্ত ওই আবেদনের ওপর শুনানি চলছিল।

আজ মামলার শুনানি ও খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত ২৫ মে মামলার শুনানি হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে বাদীর দেওয়া সাক্ষ্য প্রত্যাহার করার আবেদন ওই দিন নাকচ করেন আদালত। এরপর বিএনপির চেয়ারপারসনের পক্ষে জেরা করার জন্য ১৮ জুন (আজ) তারিখ ধার্য করেন আদালত।
আরও পড়ুন...
আদালতে খালেদা জিয়া