মামলার সাক্ষ্য গ্রহণ আজও শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের রেজীর মোড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনার দুই বছর পূর্তিতে গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীত করা, সড়ক বিভাজক ও প্রয়োজনীয় সড়ক নির্দেশনা স্থাপনের দাবি তোলা হয়। এদিকে ঘটনার দুই বছর পরও এ-সংক্রান্ত দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরুই হয়নি।
গতকালের মানববন্ধনে প্রথম আলো নাটোর বন্ধুসভা, উপজেলা প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক ফোরাম, উপজেলা সাংবাদিক ইউনিয়ন, জাগ্রত এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বড়াইগ্রাম অনার্স কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌরসভার কাউন্সিলর আবু হানিফ, নাটোর বন্ধুসভার সহসভাপতি আবদুল কাদের, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আরিফ হোসেন, বড়াইগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের এই রেজীর মোড়ে ২০১৪ সালের ২০ অক্টোবর ঘটে সেই দুর্ঘটনা। রাজশাহীগামী কেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে গুরুদাসপুরগামী অথই পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই হানিফ পরিবহনের আরেকটি বাস দুর্ঘটনার শিকার যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। অথই পরিবহনের বাসচালকসহ ৩৭ জন নিহত হন। আহত হন আরও ৪৩ জন। পরদিন বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। এতে কেয়া পরিবহনের চালক ও অথই পরিবহনের চালককে আসামি করা হয়। একই ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো ও ফিটনেসবিহীন বাস রাস্তায় নামানোর অভিযোগে আরেকটি মামলা করেন বিআরটিএ নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম। প্রায় আট মাস পর দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর আর আদালতে হাজির হননি।
ইতিমধ্যে হানিফ পরিবহনের বাসটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। মামলা দুটি নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আল আমিনের আদালতে বিচারাধীন। তবে বাদীর সাক্ষ্য গ্রহণের দুটি তারিখ গেলেও বাদীরা সাক্ষ্য দিতে আসেননি। আগামী ২৯ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী আদিল খান প্রথম আলোকে বলেন, ‘হানিফ ও কেয়া পরিবহনের দুই বাসচালকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। পরে তাঁরা আমার মাধ্যমে জামিন নিয়ে আর আদালতে আসছেন না। আমি খোঁজ করেও তাঁদের পাচ্ছি না।’
দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেই: রেজীর মোড়ে আজও দুর্ঘটনা এড়াতে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এমনকি সেখানে কোনো সংকেত বা নির্দেশনাসূচক প্রদর্শন করাও হয়নি। ভয়ানক ওই ঘটনার পর একই স্থানে আরও পাঁচটি দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, বনপাড়া-হাটিকুমরুল সড়কে দুর্ঘটনা এড়াতে পুলিশ সব সময় সতর্ক। পরবর্তী দুর্ঘটনাগুলো কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দুঃস্বপ্ন তাঁদের তাড়া করে: ওই দুর্ঘটনায় গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের ইউনুছ আলীর মেরুদণ্ড ভেঙে গেছে। ঢাকায় ও ভারতে চিকিৎসা নিতে এ পর্যন্ত নয় লাখ টাকা ব্যয় হয়েছে। তবুও তিনি সুস্থ হননি। তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। ইউনুছ আলী বলেন, ‘এর চেয়ে ঢের ভালো ছিল একেবারে মরে যাওয়া। বেঁচে থেকে নিজের ও পরিবারের কষ্ট আর সহ্য করা যায় না।’
একই এলাকার সাবিনা ইয়াসমিন গুরুতর আহত হয়েছিলেন। তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। পরে এক ছেলের জন্ম দেন। শেফা নামের ছেলেটির বয়স এক বছর পাঁচ মাস। তার ডান পা ছোট। ঠিকমতো দাঁড়াতে পারে না। ভয়ানক সেই দুর্ঘটনার কথা স্মরণ হলে এখনো ইয়াসমিনের শরীর থরথর করে কাঁপতে থাকে বলে জানান।