মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিদের আদালতে হাজির না করায় সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ২৫ ও ২৬ নভেম্বর ধার্য করেছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর। গতকাল হরতালের কারণে আসামিদের আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে একটি সূত্র জানিয়েছে। তবে পিপি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক ও হত্যার অভিযোগে দুটি মামলা হয়। ১০ বছর পর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত ১৩ সেপ্টেম্বর হত্যা মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার-প্রক্রিয়া শুরু হয়।
গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। মামলার মোট ১৭১ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।