মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
অভিনেত্রী ও মডেল তানিয়া মাহবুব ওরফে তিন্নি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।গতকাল রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম আংশিক সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১১ মে ধার্য করেছেন আদালত। সাড়ে আট বছর আগে তিন্নি খুন হন। এ মামলার আসামি জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক ওরফে অভি পলাতক।মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার পরও অভি হাজির না হওয়ায় আদালত গতকাল তাঁর অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ শুরু করেন। এর আগে গত বছরের ১৪ জুলাই আসামি অভির অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। গতকাল অভির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী শাহ ইলিয়াস একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, কানাডা প্রবাসী অভি দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত সময় চান। আদালত তা নাকচ করে সাক্ষ্য গ্রহণ করেন।২০০২ সালের ১০ নভেম্বর ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত চীন মৈত্রী সেতুর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। পরদিন কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর অভিকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি।