নাটোরের কলেজশিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল রোববার শেষ হয়েছে। ১৫ জানুয়ারি আসামিদের বক্তব্য পেশের দিন ধার্য করেছেন আদালত।গতকাল সাক্ষ্য গ্রহণের শেষ দিনে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস ও মামলার তদন্ত কর্মকর্তা নাটোরের বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিমের সাক্ষ্য নেওয়া হয়। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন।আদালত সূত্রে জানা গেছে, মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আদালত একজনকে বৈরী ঘোষণা করেন। বাকি ১০ জন সাক্ষীর মধ্যে তিনজন আসামি পক্ষের গাড়িতে চড়ে আদালতে আসায় বিচারক তাঁদের সাক্ষ্য গ্রহণ থেকে অব্যাহতি দেন। এ ছাড়া অপর সাতজনের সাক্ষ্য গ্রহণের আর প্রয়োজন মনে করেননি আদালত।সাক্ষ্য গ্রহণকালে আসামিপক্ষের আইনজীবী ছিলেন হামিদুল হক ও আবু বাকার, রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি এনতাজুল হক।২০১০ সালের ১২ অক্টোবর মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের প্রভাষক মিজানুর রশিদ। ২৫ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ভাই মামুনুর রশিদ বাদী হয়ে স্থানীয় দুই বখাটে যুবক আবদুল আওয়াল ও মামুনুর রশিদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। নাটোরের অতিরিক্ত দায়রা জজ ২০১১ সালের ২৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।