উত্তরাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক দীপংকর চক্রবর্তীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২ অক্টোবর। বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেও হত্যাকাণ্ডের দীর্ঘ সাত বছরেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। সর্বশেষ আদালতের নির্দেশে মামলাটি এখন তদন্ত করছেন বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির ফটকের সামান্য দক্ষিণে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দীপংকর চক্রবর্তী। তিনি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি, বগুড়া ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক। হত্যার পরদিন নিহত দীপংকরের বড় ছেলে পার্থ সারথি চক্রবর্তী থানায় মামলা করেন।মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, এই হত্যার সঙ্গে নিষিদ্ধ চরমপন্থী ও জঙ্গি সংগঠনের কোনো মদদ ছিল কি না তা নিয়ে এখন অনুসন্ধান করছেন। বগুড়ার ধুনট থানার পুলিশের হাতে গত ১৭ আগস্ট গ্রেপ্তার চরমপন্থী দলের সদস্য সাজাপ্রাপ্ত আসামি শফিউর রহমানকে তিন দিনের ও জেএমবির সদস্য শেরপুরের জয়নগর গ্রামের সাইদুল ইসলামকে এই মামলায় এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া এই মামলায় বগুড়া কারাগারে আটক আরেক জেএমবির সদস্য মো. বকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় কারণে জড়িতদের বের করতে বিলম্ব হচ্ছে।সাংবাদিক দীপংকর চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার শেরপুর প্রেসক্লাবে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।