মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করায় নেতাদের সন্তোষ
গোপালগঞ্জে ১৯৭৩ সালের ১০ মার্চ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে ৮ ও ৯ নম্বর সেক্টরের সমন্বয়কারী সিপিবি নেতা ওলিউর রহমান ওরফে লেবু, ন্যাপ নেতা মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়নের নেতা বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী ওরফে মানিককে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ হত্যা মামলাটির ওপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করেন। এতে গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
এ ছাড়া একই বেঞ্চ মামলার শুনানি শেষ করে দ্রুত রায় দিতে গোপালগঞ্জের দায়রা জজ আদালতকে নির্দেশ দেন।
মামলার স্থগিতাদেশ প্রত্যাহারে সন্তোষ প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক বলেন, ‘১৯৭৩ সালে এ নির্মম হত্যাকাণ্ড ঘটলে আমি তখনই দলের পক্ষ থেকে এর প্রতিবাদ করেছিলাম। আমি চাই হত্যাকারী যে-ই হোক, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, প্রকৃত দোষীরা সাজা পাক।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলী বলেন, ‘এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার এত দিনে না হওয়ায় বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা কমে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। হাইকোর্টের এ আদেশ আমাদের আশার আলো দেখিয়েছে। এ জন্য আমি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায়বিচার হোক এটাই আমার প্রত্যাশা।’
জেলা সিপিবির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু হোসেন বলেন, ‘আমি আশাবাদী এবার এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে। মৃত্যুর আগে এ হত্যাকাণ্ডের সাজা দেখে যেতে চাই।’
জেলা জামায়াতের আমির আজমল হুসাইন বলেন, যাঁরা হত্যার সঙ্গে জড়িত তাঁদের বিচার করতে হবে। হত্যা করে আসামিরা পার পেয়ে যাবে তা মেনে নেওয়া যায় না।
ওই দিন (১৯৭৩ সালের ১০ মার্চ) নৌকায় করে ওই চারজন ও তাঁদের সহযোগী লুৎফর রহমান কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ শহরে ফিরছিলেন। পথে কোটালীপাড়ার টুপুরিয়া এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ওই চার নেতাকে হত্যা করে। এ সময় লুৎফরও হামলার শিকার হন। হত্যাকারীরা লুৎফর নিহত হয়েছে ভেবে চলে যায়। পরের দিন লুৎফর জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি ২৩ জনকে আসামি করে জেলা জজ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ইতিমধ্যে ১৩ জন আসামির মৃত্যু হয়েছে। মামলার প্রধান আসামি মো. হেমায়েত উদ্দীনসহ ১০ জন জীবিত রয়েছেন।