মামলার হাজিরা দিতে গিয়ে লাশ হলেন মা-ছেলে
একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন মা ও ছেলে। কিন্তু তাঁদের ফিরতে হলো লাশ হয়ে। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী মা ও ছেলে নিহত হন।
নিহত দুজন হলেন সেলিনা আক্তার শিখা (৪২) ও তাঁর ছেলে মো. সুমন শেখ (২১)।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের কাছে কানাইপুর ইউনিয়নের করিম পাটকলের গুদামের সামনে। এ সময় সেলিনা ঘটনাস্থলেই নিহত হন। ঢাকা নেওয়ার পথে মারা যান সুমন।
সেলিনা আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলধর গ্রামের মো. ওহিদুল শেখের স্ত্রী। ওহিদুল শেখ জাহাজের মাস্টার। বর্তমানে তিনি ছুটিতে এলাকায় আছেন। সুমন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ফরিদপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আরিফ হোসেন জানান, সুমন তাঁর মাকে নিয়ে মোটরসাইকেলে আলফাডাঙ্গা যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে ধাক্কা খান। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় পেছন দিক থেকে খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
নিহত সেলিনা বেগমের ভাতিজা মো. সেকেন্দার আলম জানান, একটি মামলায় আসামি ছিলেন মা ও ছেলে। আজ ওই মামলার তারিখ ছিল।