মামলার ১১ বছর পর ছয়জনকে মৃত্যুদণ্ড
বাগেরহাটে চিংড়ি ঘেরের এক মালিককে কুপিয়ে হত্যার দায়ে দুই ভাইসহ ছয়জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আবজাল খাঁ ও আনছার আকনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের হাবিব হাওলাদার ও তাঁর ভাই মোস্তফা হাওলাদার, একই উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের বেল্লাল ফরাজি, ছাপড়াখালী গ্রামের শহীদ মল্লিক, আলী আজিম ফরাজি ও লাবলু খাঁ। এঁরা সবাই পলাতক।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বেতবুনিয়া গ্রামের আবজাল খাঁ ও ছাপড়াখালী গ্রামের আনছার আকন। এর মধ্যে আবজাল খাঁ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন আবুল হাওলাদার, আলম ফরাজি, লোকমান ফরাজি, জয়নাল ফরাজি ও আলী ফরাজি। তাঁদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। খালাস পাওয়া আসামিদের মধ্যে আলম ফরাজি ও জয়নাল ফরাজি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ১৫ জুলাই বেলা একটার দিকে মোরেলগঞ্জ উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের জাফর জমাদ্দারকে তাঁর বাড়ির কাছে চিংড়ি ঘেরে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
ঘটনার পরদিন নিহত জাফরের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল মতিন দীর্ঘ তদন্ত শেষে ২০০৫ সালের ২৭ মে ওই ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আজ দুপুরে এই রায় ঘোষণা করেন।