মামলাশূন্য চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল
মামলাশূন্য হয়ে পড়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বর্তমানে মাত্র চারটি মামলা বিচারাধীন রয়েছে এখানে।
অপরদিকে, চট্টগ্রাম আদালতে বছরের পর বছর ঝুলে রয়েছে লাখের বেশি মামলা। এখানে দুই থেকে তিন মাস অন্তর মামলার ধার্য তারিখ পড়ে। কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকায় প্রতি সপ্তাহে মামলার ধার্য তারিখ পড়ে। এ জন্য বিচারের আশায় বুক বাঁধেন বিচারপ্রার্থীরা। কিন্তু দ্রুত বিচারের জন্য আসা মামলাগুলো ফেরত যাওয়ায় নিষ্পত্তি নিয়ে সংশয়ে ভুগছেন তাঁরা।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার এ ট্রাইব্যুনালে পাঠিয়েছিল। এখানে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ধার্য তারিখে পুলিশ সাক্ষীদের হাজির করতে না পারা এবং হরতালের কারণে যথাসময়ে মামলাগুলো নিষ্পত্তি হয়নি। নতুন ১০টি চাঞ্চল্যকর মামলার তালিকা মনিটরিং কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে শুনেছি।’
চট্টগ্রাম বিভাগের অধীন ১১টি জেলার মামলা এ ট্রাইব্যুনালে বিচারাধীন। গত তিন মাসে চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান ও চাঁদপুরের আলোচিত ৪৭টি মামলা ফেরত গেছে। বর্তমানে চারটি মামলা বিচারাধীন রয়েছে। এগুলোও নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পথে। এ অবস্থায় বর্তমানে মামলাশূন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল। অথচ চট্টগ্রাম আদালতে বছরের পর বছর ঝুলে আছে লাখের ওপর মামলা। এসব মামলার মধ্যে চাঞ্চল্যকর মামলাগুলো বাছাই করে দ্রুত নিষ্পত্তির জন্য এ ট্রাইব্যুনালে পাঠায় সরকার।
ফটিকছড়ির প্রবাসী ইউনুস হত্যা মামলার বাদী খতিজা আখতার বলেন, ‘বছরের পর বছর হত্যা মামলাটির বিচার পাইনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসায় বিচার পাব মনে করেছি। কিন্তু বর্তমানে মামলাটি তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত গেছে। এখানে প্রতি চার মাস অন্তর মামলার তারিখ পড়ে। এতে বিচার বিলম্ব হচ্ছে। কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রতি সপ্তাহে দুবার তারিখ পড়ত। সেই তারিখগুলোতে সাক্ষীদের হাজির করতে ব্যর্থ হতো পুলিশ।’