মামলাশূন্য হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল
বিচারাধীন একটি মামলার রায় ঘোষণা করা হতে পারে কিছুদিনের মধ্যে। আর এর পরই মামলাশূন্য হয়ে পড়বে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য চট্টগ্রাম জেলা চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটি ১০টি মামলার তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছে। কিন্তু এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে মন্ত্রণালয়ে সুপারিশ করে থাকে মনিটরিং কমিটি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘নতুন ১০টি চাঞ্চল্যকর মামলার তালিকা মনিটরিং কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন হয়ে মামলার তালিকা এখনো আসেনি।’ তিনি জানান, ‘বর্তমানে মাত্র একটি মামলা রয়েছে এই ট্রাইব্যুনালে। কয়েক দিনের মধ্যে এর রায় ঘোষণা করতে পারেন বিচারক। এরপর বসে থাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’
ফটিকছড়ির ইউনুস হত্যা মামলাটিও দ্রুত নিষ্পত্তির জন্য এ ট্রাইব্যুনালে পাঠাতে সুপারিশ করেছে মনিটরিং কমিটি। মামলার বাদী খতিজা আখতার বলেন, ‘বর্তমানে মামলাটি তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। এখানে প্রতি চার মাস অন্তর মামলার তারিখ পড়ে। এতে বিচার বিলম্ব হচ্ছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলে দ্রুত নিষ্পত্তি হবে।’
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটি চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে সুপারিশ করে। সুপারিশ যাচাই-বাছাই করে মনিটরিং সেল আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।