‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার পুলিশ ও জনতার মুখোমুখি অনুষ্ঠান ওপেন হাউস ডে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তারা মাদকের বিস্তার, নারীদের উত্ত্যক্তকরণ, স্কুলশিক্ষার্থীদের আত্মহনন, সামাজিক অবক্ষয় ও মামলাসংক্রান্ত হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সদর থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এ সময় উন্মুক্ত আলোচনায় সদর উপজেলার গড়পাড়া আঞ্জুমানারা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খলিলুর রহমান বলেন, এক মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু কয়েক দিন পরই সেই ব্যক্তি জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও কঠোর হওয়া দরকার।
জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আসলাম খান বলেন, শহরের জনবসতি এলাকায় বাংলা মদের দোকান থাকায় প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তিনি এ মদের দোকান অন্যত্র স্থাপনের দাবি জানান।
বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জি বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ থানায় মামলা করতে এসে বিভিন্ন হয়রানির শিকার হন। নারীদের আইনি সহায়তা পেতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতা বাড়ানোর দাবি জানান জেলা যুবগলীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, কতিপয় পুলিশ সদস্য ও মধ্যস্থতাকারী (দালাল) ভুক্তভোগীকে থানায় মামলা করতে বাধ্য করেন। ছোটখাটো এসব সমস্যা উভয় পক্ষকে নিয়ে সামাজিকভাবে মীমাংসা করা যেতে পারে।
বিভিন্ন যানবাহনে সাংবাদিক পরিচয়ের স্টিকার লাগিয়ে অপরাধীরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত রয়েছেন—এমন অভিযোগ করে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পুলিশ সুপার বিধান ত্রিপুরা পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।