মামলাহীন মাহাবুব 'সৌভাগ্যবান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী কাজী মাহাবুব মওলা হিমেল গণসংযোগ করতে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ফরিদাবাদের হরিচরণ রায় রোডে নিজের নির্বাচনী কার্যালয়ে বসে গতকাল বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা হয়।
শ্যামপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাহাবুব মওলা বললেন, ‘এখানকার লোকজন উত্তরা-গুলশান-বনানী এলাকার মতোই করপোরেশনকে কর দেন। তাই তাঁরাও ওই সব এলাকার মতো নাগরিক সুবিধা চান। তবে আগে যাঁরা এখানে দায়িত্ব পালন করেছেন, তাঁরা অনেক সমস্যার সমাধান করতে পারেন নাই। অনেক ক্ষেত্রে পরিকল্পনায় দুর্বলতা ছিল।’
নির্বাচনে জয়ী হলে এলাকার জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সংকট নিরসন, কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে কাজী মাহাবুব মওলা বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।’
জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে বিএনপি-সমর্থিত এই প্রার্থী বললেন, নির্বাচনী প্রচারণা চালাতে কোনো সমস্যায় পড়ছেন না। কারণ বিএনপি-সমর্থিত অনেক প্রার্থীর মতো তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সে জন্য নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন হিমেল।