মামলায় অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গুলি করে ও বোমা হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার গ্রহণ করেছেন আদালত।
অভিযোগপত্রে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুর রহমান, কলারোয়ার বর্তমান পৌর মেয়র আক্তারুল ইসলামসহ দলটির ৫০ জন নেতা-কর্মীর নাম রয়েছে।
ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কলারোয়া) মো. এরশাদ আলী গতকাল এ অভিযোগপত্র গ্রহণ করেন। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ সফিকুর রহমান গত সোমবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বাদী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন জানান, নির্যাতনের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান শেখ হাসিনা। সেখান থেকে যশোরে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে পৌঁছালে হাবিবুর রহমানের নির্দেশে শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। তখন এ ঘটনায় মামলা করতে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি।
আদালতের সরকারি কৌঁসুলি ওসমান গণি জানান, ২০০২ সালের ২ সেপ্টেম্বর মোসলেম উদ্দিন বিএনপির ২৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলার জন্য আদালতে আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে কলারোয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়াকে তদন্তের নির্দেশ দেন। তিনি তদন্ত শেষে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনাকে মিথ্যা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। পরে শুনানি শেষে ২০০৪ সালে মামলাটি খারিজ হয়ে যায়। এরপর বাদী হাইকোর্টে যান।
২০১৪ সালের আগস্ট মাসে মামলার কার্যক্রম নতুন করে শুরু করার জন্য হাইকোর্টের আদেশ সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসে। মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা ২০১৪ সালের ১৫ আগস্ট মামলা গ্রহণ করতে কলারোয়া থানার ওসি আবু সালেহ মাসুদ করিমকে নির্দেশ দেন। ওসি থানার পরিদর্শক শেখ সফিকুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন।