মামলায় আটকে আছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা
হাইকোর্টে বিচারাধীন ১২ হাজার মামলায় সরকারের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে। পর্যাপ্ত অর্থের অভাবে ভালো আইনজীবী নিয়োগ দিতে না পারায় অধিকাংশ মামলায় জেতার সম্ভাবনা সত্ত্বেও কিছু করা যাচ্ছে না।সংসদ ভবনে গতকাল শনিবার অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্যে এসব কথা জানানো হয়। কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় এসব মামলা দ্রুত নিষ্পত্তি করে রাজস্ব আদায় বাড়ানোর সুপারিশ করা হয়। প্রয়োজনে বিশেষ আইনজীবী নিয়োগ করতে বলা হয়। সভায় রাজস্ব আয় বাড়াতে আয়কর রিটার্ন ফরম আরও সহজ করা এবং এ সংক্রান্ত নীতিমালা আরও গণমুখী করার সুপারিশ করা হয়। একই সঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনই শুধু নয়, তার চেয়ে বেশি সংগ্রহ করতে তাগিদ দেওয়া হয়েছে। কমিটির সদস্য অধ্যাপক আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম এ মান্নান ও ফরিদা রহমান সভায় অংশ নেন।