চট্টগ্রামের তিনপুল এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কার্যালয়ে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দলীয় ১৭ নেতার বিরুদ্ধে গতকাল বুধবার মামলা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন হাওলাদার কোতোয়ালি থানায় এই মামলা করেন। এদিকে, এই মামলাকে হয়রানিমূলক দাবি করে বিএনপি এর নিন্দা জানিয়েছে।মামলার আসামিরা হলেন: দোস্ত মোহাম্মদ, হারুন ওরফে ককটেল হারুন, মোজাম্মেল হক, আবদুস শুক্কুর, আবদুল জব্বার চৌধুরী, গিয়াস উদ্দিন আলম, ইয়াকুব আলী, এস এম নাজিম উদ্দিন, আক্তার হোসেন, মো. নুরুল আলম, আক্তার হোসেন, ইয়াকুব, সুমন্ত গাই, মামুন, হাছান, আলী মর্তুজা ও মো. ইদ্রিস চৌধুরী। তাঁরা সবাই এলডিপির নগর ও দক্ষিণ জেলা কমিটির দায়িত্বশীল পদে আছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে মো. ইদ্রিসকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে এলডিপির স্থানীয় কার্যালয় থেকে ৩০টি জর্দার কোটা, বোমা তৈরির উপাদান দুই থলে গান পাউডার ও এক থলে সিসা উদ্ধার করা হয়। এ ঘটনাকে পুলিশের সাজানো নাটক বলে দাবি করেছে বিএনপি। এক বিবৃতিতে বিএনপি বলেছে, এলডিপিকে ১৮ দলীয় জোটে অন্তর্ভুক্ত হতে দেখে সরকার ওই দলের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে।