মামলায় আহমদ শফিকে আসামি করায় অতিরিক্ত আইজিপির দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি (প্রশাসন) এ কে এম শহিদুল হক দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফিকে আসামি করে পুলিশের দায়ের করা মামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁকে মামলা থেকে অব্যাহতি এবং তদন্ত করে মামলা দায়েরকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।গত শুক্রবার আল্লামা শাহ আহমদ শফির কার্যালয়ে এক বৈঠকে অতিরিক্ত আইজিপি এই আশ্বাস দেন। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আল্লামা আহমদ শফি হরতালে আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার করা ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি পুলিশি হেফাজতে আহত দুই ছাত্রের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শহীদুল হক বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে বৈঠকে জানান। তিনি বলেন, আহমদ শফিসহ সারা দেশে যাঁরা ঘটনায় জড়িত ছিলেন না, তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।বৈঠকে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম, নজরুল ইসলাম, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আকতার উপস্থিত ছিলেন। আলোচনায় আল্লামা শাহ আহমদ শফিকে সহযোগিতা করেন মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ ইয়াহইয়া, মুফতি জসীম উদ্দীন।বৈঠক শেষে শহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফি দেশের সর্বজন শ্রদ্ধেয় ইসলামি চিন্তাবিদ। তাঁকে মামলার আসামি করায় আমি পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে এসেছি। তিনি ঘটনাস্থলে ছিলেন না, তার পরও তাঁকে মামলায় কেন জড়ানো হয়েছে, কারা করেছে—তা তদন্ত করে দেখা হবে।’চট্টগ্রাম নগরের বায়েজিদ থানায় আহমদ শফির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করে ঘটনায় যাঁরা জড়িত ছিলেন না, তাঁদের দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।