মামলায় কোণঠাসা গফরগাঁও বিএনপি, নেতারা পাশে নেই
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মামলা ও হামলায় কোণঠাসা হয়ে পড়েছেন। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের এই দুঃসময়ে দলের বড় নেতারাও তাঁদের পাশে নেই। স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ অভিযোগ করেন।
গফরগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানান, নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের শুরু থেকেই মাঠপর্যায়ের নেতাদের নামে একাধিক মামলা দেওয়া হয়। তাই আন্দোলন সচল রাখতে গত তিন মাস প্রকাশ্যে মাঠে নামতে পারেননি নেতারা। একদিকে গ্রেপ্তারের ভয়, অন্যদিকে সরকারদলীয় কর্মীদের হামলার ভয়ে কোণঠাসা হয়ে পড়েন তাঁরা। হরতাল-অবরোধে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাঁরা প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আন্দোলন করেন।
গফরগাঁও থেকে সদ্য নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ ফাহমি গোলন্দাজ গত ১৯ ডিসেম্বর তাঁর নির্বাচনী প্রচারণার কাজে উপজেলার রাওনা ইউনিয়নে যান। ফেরার পথে ভালুকা-গফরগাঁও সড়কের হাটুরিয়া এলাকায় অবরোধকারীরা গাছ ফেলে অবরোধ করেন। এতে ক্ষুব্ধ আওয়ামী লীগের সমর্থকেরা উপজেলার হাটুরিয়া, তেজপাতা বাজার ও পৌর এলাকায় বিএনপির সমর্থকদের প্রায় ৩০টি দোকান ভাঙচুর ও আটটি দোকান আগুনে পুড়িয়ে দেন। ৮ জানুয়ারি যশরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল ইসলামের বাড়ির তিনটি ঘরও পুড়িয়ে দেন।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, নির্বাচনের আগে ও পরে কমপক্ষে অর্ধশতাধিক নেতা-কর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগ।
গফরগাঁও সদর থানা ও পাগলা থানার পুলিশের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক সময়ে দুটি থানায় কমপক্ষে ১৮টি রাজনৈতিক মামলায় বিএনপির চার হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের চরম দুঃসময়েও পাশে নেই উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমান ও ২০০৮ সালে বিএনপির হয়ে সংসদ নির্বাচন করা ফজলুর রহমান সুলতান।
বিএনপির উপজেলা সভাপতি এ বি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার নামেও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। উপজেলায় গেলেই আমাকে গ্রেপ্তার করা হবে। তাই টেলিফোনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলাল আহমেদ সরকারদলীয়দের হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।