মামলায় চাপা পড়ে যাচ্ছে বিএনপির টিপাইমুখের বাঁধবিরোধী আন্দোলন!
ভারতের বরাক নদে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বিএনপি সিলেটে ১ ডিসেম্বর সর্বাত্মক হরতাল পালন করে। হরতাল শেষে টিপাইমুখের বাঁধবিরোধী বিএনপির মাসব্যাপী আন্দোলন কর্মসূচির সবশেষে ছিল জকিগঞ্জের বরাক নদ মোহনার বাংলাদেশ অংশের অমলশিদে ‘সীমান্ত সমাবেশ’।গতকাল শনিবার এ কর্মসূচি পালন করে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণার কথা ছিল। এ আন্দোলনের মূল উদ্যোক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ স্থানীয় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় অভিযুক্ত হওয়ায় চাপা পড়ে গেছে টিপাইমুখের বাঁধবিরোধী বিএনপির আন্দোলন।গতকাল সীমান্ত সমাবেশ না হওয়ার কথা জানিয়ে এম ইলিয়াস আলী প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়টি এখন স্পষ্ট যে শাসকগোষ্ঠী সর্বাত্মক ও স্বতঃস্ফূর্ত একটি হরতালের পর আন্দোলন দমাতেই একটি-দুটি নয়—পাঁচটি মামলায় আমাকেসহ বিএনপির নেতা-কর্মীদের জড়িয়েছে।’বিএনপির এ অভিযোগ অস্বীকার করে আসছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাস পুড়িয়ে মানুষ হত্যার ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। যারা সহিংসতা করেছে, তারাই অভিযুক্ত হয়েছে। এ নিয়ে রাজনীতি বা অভিযোগ-পাল্টা অভিযোগ করার কোনো অবকাশ নেই।’বিএনপিদলীয় সূত্র জানায়, এম ইলিয়াস আলীসহ দুই শতাধিক নেতা-কর্মী মামলায় আসামি এবং তদন্তে অভিযুক্ত হওয়ায় টিপাইমুখের বাঁধবিরোধী আন্দোলন এখন নেতা-কর্মীদের মামলার হয়রানি থেকে রক্ষার আন্দোলনে রূপান্তর করতে টানা ১১ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সিলেট জেলার সব উপজেলায় স্মারকলিপি পেশসহ প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপি ও মহানগর বিএনপির যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।