মামলায় ঝুলে আছে চার হাজারের অধিক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র জনবলসংকটে যখন ধুঁকছে পশ্চিমাঞ্চল রেলওয়ে, তখন মামলার কারণে ঝুলে রয়েছে চার হাজারের অধিক জনবলের নিয়োগ। বিভিন্ন সময়ে রেলের নিয়োগে অনিয়মের অভিযোগে এসব মামলা হলেও আদালতের দীর্ঘসূত্রতায় তা ঝুলে রয়েছে বছরের পর বছর।রেলের কর্মকর্তারা বলছেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে যে মামলাগুলো হয় তা নিষ্পত্তি করতে দীর্ঘ সময় পার হয়ে যায়। এ কারণে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে স্থগিত হওয়া নিয়োগের সংখ্যা। বেশির ভাগ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে মামলাগুলো হয়েছে। দুর্নীতি আর অনিয়ম বন্ধ না হলে বারবার এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ ও ২০১২ সাল মিলিয়ে মামলার কারণে ঝুলে রয়েছে চার হাজার ৭০৬টি পদের নিয়োগ। ২০১০ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ দেওয়ার জন্য তিন হাজার ৫৩৩টি পদের ছাড়পত্র পায় পশ্চিম রেল। যার বিপরীতে তারা নিয়োগ সম্পন্ন করতে পেরেছে মাত্র ৫০০টি পদে। মামলার কারণে ঝুলে রয়েছে দুই হাজার ৯৮১টি পদের নিয়োগ। আর যোগ্য বা উপযুক্ত প্রার্থী না পাওয়ায় নিয়োগ দেওয়া যায়নি ৫২টি পদে। ২০১২ সালে দুই হাজার ৩২০টি পদে নিয়োগ দেওয়ার জন্য ছাড়পত্র পাওয়া গেলেও নিয়োগ সম্পন্ন হয়েছে মাত্র ৩৫১টি পদে। ১৯১টি পদের নিয়োগ প্রক্রিয়াধীন থাকলেও এক হাজার ৭২৫টি পদের নিয়োগ ঝুলে রয়েছে মামলায়। আর এগুলোর প্রায় সব মামলাই হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে।রেলের সূত্রটি জানায়, ২০১০ সালের ২১ অক্টোবর এমএলএসএসের ৭৮টি ও ওয়েম্যানের দুই হাজার ৭১১টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মামলার কারণে স্থগিত হয়ে যায় সবগুলো নিয়োগ। একই বছরের নভেম্বরে সহকারী শিক্ষকের ৩৩টি পদে, স্টোর মুন্সীর ২৬টি পদে, টাইম কিপার ৩১টি পদে, পার্সেল সহকারীর ১২টি পদে, গার্ড গ্রেড-২ এর ৭৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে। এ ক্ষেত্রেও আদালতে মামলা হওয়ায় বন্ধ হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। ২০১২ সালে ওয়েম্যানের এক হাজার ১৪১টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমাঞ্চল রেল। একই সময়ে গেটকিপার বা গেটম্যানের ৪৩২টি পদের জন্য এবং এমএলএসএসের ৭৪টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। মামলা নিষ্পত্তি না হওয়ায় এর সবগুলোই ঝুলে রয়েছে।২০১২ সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার মধ্যে স্টোর মুন্সীর ১৪টি, ল্যাব অ্যাসিসটেন্টের চারটি, টাইম কিপারের পাঁচটি, গার্ড গ্রেড-২-এর ৫০টি ও পার্সেল সহকারীর গ্রেড-২-এর পাঁচটি পদের নিয়োগ স্থগিত হয়ে আছে আদালতের নিষেধাজ্ঞার কারণে।জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, ‘অনেকগুলো রিট ২০০৯ সাল থেকেই ঝুলে আছে। যেসব পদে আদালতের নির্দেশে নিয়োগ স্থগিত আছে, সেসব পদে আমরা নতুন করে নিয়োগও দিতে পারছি না। ফলে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। যাত্রীদের ঠিকমতো সেবা দেওয়াও সম্ভব হচ্ছে না।’