মামলায় নাম-বিভ্রাটে বিচার নিয়ে শঙ্কা
সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরিরত অবস্থায় খুন হন বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাতি গ্রামের তছের আলীর ছেলে আনিছুর রহমান। কিন্তু হত্যা মামলায় উল্লেখ রয়েছে শ্যামগাতী গ্রামের আবদুল জলিলের ছেলে জহির রায়হান খুন হয়েছেন। অথচ তিনি জীবিত আছেন।পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, আনিছুর রহমান চাকরির সন্ধান করতে গেলে এনজিও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্টের (এনডিপি) এক কর্মকর্তার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই কর্মকর্তা তাঁকে ওই সংস্থার মাঠকর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা দেন। তবে এ জন্য তাঁকে বিএ পাসের সনদপত্র দিতে হবে। আনিছুর রহমান এইচএসসি পাস করেছেন। অবশেষে চাকরির আশায় তিনি প্রতারণার আশ্রয় নিয়ে একই গ্রামের আবদুল জলিলের ছেলে জহির রায়হানের বিএ পাসের সনদপত্র নিয়ে চলতি বছরের ২ জানুয়ারি ওই সংস্থার সিরাজগঞ্জ শাখায় কাজে যোগদান করেন।গত ৭ জুন সকালে ঋণের কিস্তি আদায় করতে অফিস থেকে বের হন। এরপর তিনি আর অফিসে ফেরেননি। একপর্যায় অফিস থেকে বলা হয়, আনিছুর রহমান কিস্তির টাকা নিয়ে পালিয়ে গেছেন। পরে তাঁরা আনিছুরের পরিবারের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা আদায় করে নেন। এরই মধ্যে সিরাজগঞ্জ থানার পুলিশ একটি শিশু অপহরণ ও হত্যা মামলার সূত্র ধরে রাশেদা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেন। এই নারীর স্বীকারোক্তি অনুযায়ী গত ১১ অক্টোবর রাতে পুলিশ শিশুর লাশ উদ্ধার করতে গিয়ে সিরাজগঞ্জ সদরের বাঐতারা গ্রামের চয়েস আলী মেম্বারের বাড়ির সেপটিক ট্যাংকি থেকে একটি বস্তাবন্দী লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে ওই লাশ আনিছুর রহমানের বলে শনাক্ত করেন তাঁর ছোট ভাই মঞ্জুরুল আলম ও সহকর্মীরা। রাশেদা বেগম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। এ ঘটনায় মঞ্জুরুল আলম বাদী হয়ে ১৬ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুরুল আলম জানান, সিরাজগঞ্জ থানা থেকে পাওয়া চিঠির পর খোঁজ নিয়ে জানা গেছে, শ্যামগাতী গ্রামের জহির রায়হান আজও জীবিত আছেন। প্রকৃতপক্ষে খুন হয়েছেন আনিছুর রহমান। বাদী মঞ্জুরুল আলম জানান, সিরাজগঞ্জ থানার এসআই আবদুল বারিক এনজিও কর্মকর্তাদের সঙ্গে মামলার আরজি লিখে তাঁর স্বাক্ষর নিয়েছেন। তাঁকে মামলার আরজি পড়ে শোনানো হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ থানার এসআই আবদুল বারিক জানান, অন্য একটি হত্যাকাণ্ডের ঘটনায় রাশেদাকে গ্রেপ্তার করে তাঁর স্বীকারোক্তিতে জহির রায়হানের মৃতদেহ উদ্ধার করা হয়। এনজিওকর্মীদের দেওয়া পরিচয়পত্র দেখে মামলা করা হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম যে আনিছুর রহমান সে সময় তাঁকে কেউ বলেনি। মামলার এজহারে রাশেদার নাম উল্লেখ না থাকলেও তদন্ত করে তার নামে অভিযোগপত্র দেওয়া হবে। এনজিওর সায়দাবাদ শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মোসলিম উদ্দীন বলেন, ‘নিহত ব্যক্তি জহির রায়হান নামের পরিচয়পত্র দিয়ে এখানে চাকরি করেছেন। তার নাম আনিছুর রহমান তা আমার জানা ছিল না। অফিসের পাওনা টাকা তার পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে। মানবিক কারণে ওই টাকা ফেরত দেওয়া হবে।’