হবিগঞ্জে পেট্রলবোমাসহ আটক আবদুল মালেক, মাহবুব আলম ও মহিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডে নিতে গতকাল বৃহস্পতিবার আদালতে আবেদন করেছে। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন। পুলিশ গ্রেপ্তার হওয়া তিনজনসহ আরও ২৫ জনের নামে ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছে। তবে এলাকাবাসীর অভিযোগ, এ মামলায় চিকিত্সক, ব্যবসায়ী এমনকি মানসিক রোগীসহ নিরপরাধ লোকজনকে জড়ানো হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে বিএনপির একটি মিছিল থেকে পেট্রলবোমা, তাজা ককটেল, দুটি চাপাতি ও একটি রামদাসহ পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এদিকে গতকাল দুপুরে বিএনপির একাংশের নেতা শেখ সুজাত, এনামুল হক ও আমিনুর রশিদ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির কর্মী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ মিছিলে হামলার জন্য তাঁদের ব্যবহার করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিচ্ছন্ন ঘটনা। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, পেট্রলবোমাসহ হাতেনাতে ওই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলায় কোনো নিরপরাধ লোককে জড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হবে।