মামলায় ফখরুলসহ ১৮ নেতার বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত পুলিশ সদস্য ফেরদৌস খলিল
নিহত পুলিশ সদস্য ফেরদৌস খলিল

রাজধানীর বাংলামোটরে গত মঙ্গলবার রাতে পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া এবং তাতে পুলিশের একজন সদস্য নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে। রমনা থানায় পুলিশের করা এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিরোধীদলীয় জোটের ১৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) ঘটনায় জড়িত হিসেবে বিএনপিসহ ১৮-দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও আসামির নাম লেখার জন্য নির্ধারিত ছকে কারও নাম উল্লেখ করা হয়নি। আসামির কলামে লেখা হয়েছে, দুজন মোটরসাইকেল আরোহীসহ ‘অজ্ঞাতনামা ১৮-২০ জন’ এ ঘটনা ঘটিয়েছে।
মামলার বিবরণে মির্জা ফখরুল ছাড়া আর যাঁদের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকতউল্লা, সালাহউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম এবং জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ। এ ঘটনায় এসব নেতার সহযোগী হিসেবে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রওশন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম, যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান এবং ছাত্রদলের নেতা সিরাজুল ইসলাম ও মিন্টুর নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এঁদের প্রত্যক্ষ বা পরোক্ষ উসকানি, পরিকল্পনা, ষড়যন্ত্র, সহায়তায় ও মদদে অজ্ঞাতনামা দুজন মোটরসাইকেল আরোহীসহ ১৮-২০ জন মঙ্গলবার রাতে বাংলামোটরে ওই বাসে পেট্রলবোমা হামলা করেছেন।
এজাহারে ঘটনার বিবরণে বলা হয়, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বাংলামোটর পুলিশ বক্সের সামনে দায়িত্ব পালন শেষে কনস্টেবলরা বাসে ওঠামাত্র দুজন মোটরসাইকেল আরোহী তিন-চারটি পেট্রলবোমা ছুড়ে মারেন। এতে আগুন ধরে বাসটি পুড়ে যায়। বাসে থাকা দুজন কনস্টেবলসহ চালক দগ্ধ হন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ দুটি গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৪২) মারা যান। আহত মো. বায়েজিদ (চালক) ও ফায়জুল ইসলাম (পুলিশ সদস্য) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এজাহারে বলা হয়, ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি দিয়ে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়। এ ছাড়া মির্জা ফখরুল ইতিপূর্বে এক অনুষ্ঠানে ছাত্রদলের উদ্দেশে বলেছেন, ‘দু-একটি গাড়ি পুড়িয়ে আন্দোলন চাঙা হবে না, রাস্তায় নামতে হবে।’ বিএনপির নেতারা সবাইকে দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকতে বলে বক্তব্য দিয়ে উসকানি দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত নভেম্বরে শাহবাগ ও মালিবাগে বাসে আগুন দেওয়ার দুটি ঘটনায়ও ফখরুলসহ ১৮-দলীয় জোটের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছিল। সেসব মামলার এজাহারের সঙ্গে গতকালের মামলার এজাহারের বক্তব্যও প্রায় একই।
নিহত পুলিশ সদস্যের জানাজা: গতকাল বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিহত পুলিশ সদস্য ফেরদৌস খলিলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশের কর্মকর্তারা। পরে পুলিশ পাহারায় মরদেহ তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
নিহত ফেরদৌস খলিল ১৯৭১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাগের ভিটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। মাত্র এক মাস আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে আসেন।
জানাজা শেষে নিহত ফেরদৌসের শ্যালক চিকিৎসক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, ‘পরিকল্পিত খুনের মহড়া দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। আমি ফেরদৌস নামের এই যুবকের মৃতদেহ নয়, কয়লা নিয়ে ফিরে যাচ্ছি। তাঁর শরীর পুড়ে বিবর্ণ হয়েছে, চেনা যাচ্ছে না।’
আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে বিকল করার পাঁয়তারা হিসেবে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা মনে করছে, এভাবে তারা পুলিশের মনোবল ভেঙে দেবে। কিন্তু এ ধরনের আক্রমণ কোনো মনোবল ভেঙে দিতে পারবে না।’