চোরাচালানসংক্রান্ত অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনের ধারা কোকেন শনাক্তের মামলায় যুক্ত করতে আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। কাল রোববার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এদিকে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের কার্যালয় থেকে দুটি কম্পিউটার জব্দ করা হয়েছে। তেলের চালানটি এই শিপিং লাইনসের কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে এসেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, জব্দ করা দুটি কম্পিউটারে তেলের চালান নিয়ে সিঙ্গাপুরে ই-মেইলে যোগাযোগ করাসংক্রান্ত তথ্য রয়েছে। চালানটি প্রথমে বলিভিয়া থেকে ট্রাকে করে উরুগুয়ে নিয়ে যাওয়া হয়। সে দেশের মন্টিভিডিও বন্দর থেকে তেলের চালানের কনটেইনারটি সিঙ্গাপুর বন্দরে আসে। সেখান থেকে চালানটি কসকো শিপিং লাইনসের কনটেইনারে করে আরেকটি জাহাজে চট্টগ্রাম বন্দরে আনা হয়।
জানতে চাইলে গতকাল বিকেলে কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিরাজ উদ্দিন আহমেদ বলেন, তদন্তের প্রয়োজনে পুলিশ কম্পিউটারগুলো চাওয়ায় তাদের সাহায্য করা হয়েছে।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সঙ্গে তেলের চালানের আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের এক কর্মী গোলাম মোস্তফাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা না করায় ২৩ জুন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শাতে বলেন আদালত। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হওয়ায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এই মামলায় পরে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু মামলার এজাহারে বিদেশ থেকে জাহাজে করে মালামাল আনা হয়েছে উল্লেখ থাকলেও বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজন না করায় ৫ জুলাই অসন্তোষ প্রকাশ করেন আদালত। ওই দিন মামলায় ধারাটি সংযোজনের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের বাইরে থেকে জাহাজে করে ড্রামগুলো আনায় চোরাচালানসংক্রান্ত অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা উচিত ছিল। কিন্তু পুলিশ শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তিনি জানান, এই মামলায় মাদক আইনের সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের ধারাটি সংযোজিত হলে পৃথক দুটি ধারায় দুটি অভিযোগপত্র দিতে হবে পুলিশকে। দেরিতে হলেও তদন্ত কর্মকর্তা গত বৃহস্পতিবার সন্ধ্যায় মামলায় ধারাটি সংযোজনের জন্য আবেদন জমা দিয়েছেন।
সরকারি কৌঁসুলি জানান, মামলাটির তদন্তে যাতে কোনো ফাঁকফোকর না থাকে, সে জন্য রাষ্ট্রপক্ষ তদন্তকাজে সহযোগিতা করছে। যেহেতু চালানটি বিদেশ থেকে এসেছে, তাই যেসব দেশের লোকজনের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে পাওয়া গেছে, তাদের বিষয়ে তদন্তের জন্য শিগগিরই আদালতে আবেদন জানানো হবে। কোন কোন দেশ—জানতে চাইলে তিনি বলেন, ভারত, যুক্তরাজ্য ও বলিভিয়া। মামলার তদন্ত দলকে প্রয়োজনে বিদেশে পাঠানোর জন্য তিনি আদালতে আবেদন করবেন বলেও জানান।
কোকেন শনাক্ত হওয়ার মামলায় গোলাম মোস্তফাসহ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।