চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে তেলের চালান জব্দের ঘটনায় করা মামলার সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজনের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের বাইরে থেকে জাহাজে করে ড্রামগুলো আনায় চোরাচালানসংক্রান্ত অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা উচিত ছিল। কিন্তু পুলিশ শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মঙ্গলবার শুনানি শেষে আদালত এই মামলায় মাদক আইনের সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজনের আদেশ দেন। অপরাধ প্রমাণিত হলে বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং সর্বনিম্ন শাস্তি ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সঙ্গে তেলের চালানের আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের এক কর্মী গোলাম মোস্তফাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা না করায় ২৩ জুন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিমকে কারণ দর্শাতে বলেন আদালত। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হওয়ায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এই মামলায় পরে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু মামলার এজাহারে বিদেশ থেকে জাহাজে করে মালামাল আনা হয়েছে উল্লেখ থাকলেও বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজন না করায় ৫ জুলাই অসন্তোষ প্রকাশ করেন আদালত। ওই দিন মামলায় ধারাটি সংযোজনের আদেশ দেওয়া হয়। পরে তদন্ত কর্মকর্তা গত বৃহস্পতিবার ধারাটি সংযোজনের আবেদন করলে রোববার শুনানির দিন ধার্য ছিল। ওই দিন তদন্ত কর্মকর্তা সময়ের আবেদন করলে শুনানি পিছিয়ে যায়। সেই শুনানি হয় গতকাল।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, মামলায় মাদক আইনের সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজনের জন্য আদালত আদেশ দিয়েছেন। তাই তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধের তথ্য-প্রমাণ পেলে পৃথক দুটি ধারায় আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।