২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকার তৎকালীন মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। গতকাল আসামি আবদুল মজিদ ভাটের পক্ষে তাঁকে জেরা করা হয়েছে। আজ সোমবার বাকি আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।আদালত সূত্রে জানা যায়, গতকাল হাকিম এ কে এম এমদাদুল আদালতে সাক্ষ্য দেন। এমদাদুল আদালতকে বলেন, এ মামলার আসামি আবদুল মজিদ ভাট ও তাঁর স্ত্রী নাহিদ লাইলা ওরফে কাকন এবং সাক্ষী লে. কর্নেল (অব.) আফজাল নাছের ভূঁইয়া ও লে. কর্নেল (অব.) মিজানুর রহমানের জবানবন্দি তিনি গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য জবানবন্দি লিপিবদ্ধসংক্রান্ত কাগজপত্র তাঁর সামনে উপস্থাপন করলে তিনি তা শনাক্ত করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষকে জেরা করার সুযোগ দেন আদালত। গতকাল আবদুল মজিদ ভাটের পক্ষে জেরা করা হয়।কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে আদালতকে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামি হাজির ছিলেন। মামলায় তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।