মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নিজ বাসায় খুন হওয়া তাবলিগ জামাতের আমির ইব্রাহিম আবু খলিল (৫৫) হত্যার চাঞ্চল্যকর মামলার রায়ে একমাত্র আসামি তাঁর স্ত্রী ফাতিহা মাশকুরাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা গতকাল সোমবার এ রায় দেন। মৃত্যুদণ্ড ছাড়াও ফাতিহাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফুর আলী বলেন, ঘটনার প্রায় ১ বছর ১৯ দিনের মাথায় রায় দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ফাতিহা বর্তমানে কারাবন্দী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নগরের ধোপাদিঘির উত্তরপাড় এলাকার সওদাগরটুলায় নিজ বাসার শয়নকক্ষ থেকে গত বছরের ১৮ মে ইব্রাহিম আবু খলিলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তাবলিগ জামাতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ছিলেন। তিনি তিনটি বিয়ে করেছিলেন। এর মধ্যে সওদাগরটুলার বাসায় দ্বিতীয় স্ত্রী ফাতিহা মাশকুরা ও তিন সন্তানকে নিয়ে বাস করতেন।
লাশ উদ্ধারের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করে পুলিশ। পরে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন সরকার গত বছরের ২৪ আগস্ট ফাতিহাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২২ নভেম্বর আদালতে অভিযোগ গঠন হয়। মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।