মামলায় স্থগিতাদেশ দিলে দ্রুত এর শুনানি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারের দীর্ঘসূত্রতার সমালোচনা করে দ্রুত শুনানির তাগিদ দিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল শনিবার এক কর্মশালায় তিনি বলেন, ‘আমাদের হাইকোর্টে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’
ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বৈষম্য বিলোপ আইনের খসড়া পর্যালোচনা’ শীর্ষক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন বিচারপতি খায়রুল হক। তিনি বলেন, শুনানি না হয়ে পড়ে আছে অসংখ্য মামলা। এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিরা অবর্ণনীয় কষ্ট ভোগ করেন।
আইনমন্ত্রী ও প্রধান বিচারপতিকে বিচার বিভাগের ‘অভিভাবক’ আখ্যায়িত করে খায়রুল হক বলেন, ‘এভাবে বছরের পর বছর কেন মামলা পড়ে আছে, সেদিকে খেয়াল করুন। স্থগিতাদেশের হাত থেকে রক্ষা করুন।’ আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘স্থগিতাদেশ দেবেন দেন, তবে দ্রুত শুনানি করুন।’
বিচারিক কর্মকর্তাদের ওপর নজর রাখার জন্যও আইনমন্ত্রী এবং প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান আইন কমিশনের চেয়ারম্যান।
মামলার দীর্ঘসূত্রতার একটি উদাহরণ দিয়ে খায়রুল হক বলেন, ‘এমন ঘটনাও আছে যে একটি খুনের মামলা ১৭-১৮ বছর ধরে কোর্টে পড়ে আছে। এ ব্যাপারে আমাদের সৃষ্টিকর্তা ভারী বিপদে পড়ে গেছেন। কারণ সাক্ষী মারা গেলে তো ন্যায়বিচার হবে না। তাই ন্যায়বিচারের স্বার্থে সাক্ষীকে জ্যান্ত রাখার দায়িত্ব সৃষ্টিকর্তার।’
জেলাগুলোতে এক হাজার ৭০০ বিচারক রয়েছেন উল্লেখ করে খায়রুল হক বলেন, তাঁদের বেশির ভাগই সৎভাবে জীবন যাপন করেন। তিনি যোগ্যতার ভিত্তিতে বিচারকদের সততার পুরস্কার দেওয়ার আহ্বান জানান।
কর্মশালার প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক ঘোষণা দেন, সরকারের এই মেয়াদেই বৈষম্য বিলোপ আইন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যারা বৈষম্যের শিকার, তারা বাড়তি সুযোগ না পেলে মূল স্রোতধারায় আসবে না। কেবল আইন করে তাদের প্রতি বৈষম্য দূর করা যাবে না।
কর্মশালায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এইচ কে আরেফিন, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং প্রমুখ।