মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে হামলা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় একটি মামলার বাদীপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আল মামুন (৩২)। তাঁর বাড়ি দেবীদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে।হামলায় আহতরা হলেন—দেবীদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের আবদুল মতিন (৫৯), মনির হোসেন (৩৫), জাকির হোসেন (৩০), মুরাদনগর উপজেলার সিলিমপুর গ্রামের মিজানুর রহমান (৫০), আবু মুসা (২৮), আবদুল হাই (৩০), মুরাদনগরের বাইরা গ্রামের আবদুর রহিম (৩৫) ও একই উপজেলার সিলিম গ্রামের কামাল হোসেন (৩২)। তাঁদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার নিহত আল মামুনের ভগ্নিপতি আবদুল মোতালেব বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার প্রধান তিন আসামি হলেন মাসুদ মিয়া, মো. হোসেন ও জাহাঙ্গীর আলম।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতে একটি ধর্ষণ মামলায় হাজিরা দিয়ে বিতর্কিত পীর আবদুল মতিন ও তাঁর সহযোগীরা একটি মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের মাইক্রোবাসটি শহরের শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সেখানে ওত পেতে থাকা ওই মামলার বাদীপক্ষের একই গ্রামের লোকজন মাইক্রোবাসটি লক্ষ্য করে ‘ছেলেধরা’ বলে চিৎকার শুরু করে। ওই সময় শতাধিক মানুষ মাইক্রোবাসটি ঘিরে ফেলে। একপর্যায়ে মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানো হয় ও যাত্রীদের নামিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে আল মামুন ঘটনাস্থলেই নিহত হন।কুমিল্লার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বাদীপক্ষ ওই হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’