মামলায় ৬ হাজার আসামি, বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলনের প্যান্ডেলে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পাঁচ হাজার থেকে ছয় হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার ও ক্ষতিপূরণের দাবি করেছে আহমদিয়া মুসলিম জামাত। গতকাল ঢাকার বকশীবাজারে জাতীয় কেন্দ্রে সংবাদ সম্মেলন করে ওই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, আহমদিয়া মুসলিম জামাত গাজীপুরের জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যথাযথ অনুমতি নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করে। কিন্তু একদল মৌলবাদী-দুষ্কৃতকারী ও তাদের সহযোগী কিছু লোক হামলা ও অগ্নিসংযোগ করে চার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি করেছে।মামলা: কালিয়াকৈর থানা সূত্র জানায়, পুলিশের করা মামলায় বলা হয়েছে, বুধবার বিকেলে বিভিন্ন এলাকার লোকজন কালিয়াকৈরের মৌচাক এলাকায় জড়ো হয়। লোকজন লাঠিসোঁটা নিয়ে আহমদিয়া মুসলিম জামাতের প্যান্ডেলে অগ্নিসংযোগ করে। জিডি: পুরান ঢাকার হোসেনি দালান এলাকার মেসার্স পেয়ারু সরকার অ্যান্ড সন্স ডেকোরেটরের মালিক মো. মোজাম্মেল গতকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক প্রথম আলোকে বলেন, মুসল্লিরা আবারও হামলা চালাতে পারেন—এই আশঙ্কায় গতকাল দুই প্লাটুন পুলিশ মৌচাক এলাকায় মোতায়েন করা হয়েছিল।সংবাদ সম্মেলন: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমদিয়া মুসলিম জামাতের আমির মোবাশশের উর রহমান বলেন, ‘বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠার শতবার্ষিকী উদ্যাপনের একটি বড় অনুষ্ঠান হলো সালানা জলসা বা বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনের জন্য ৮ ফেব্রুয়ারি (আজ শুক্রবার) থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দিন নির্ধারণ করা হয়। কিন্তু বকশীবাজারে জাতীয় কেন্দ্রে এ ধরনের অনুষ্ঠান করার জায়গা না থাকায় সম্ভাব্য কয়েকটি স্থানের তালিকা প্রশাসনের উচ্চপর্যায়ে পেশ করা হয়। অবশেষে কর্তৃপক্ষ মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র বরাদ্দ দেয়। কিন্তু কয়েকজন মৌলবাদী আমাদের বিরুদ্ধে এলাকায় নানা বিভ্রান্তি ও মিথ্যা প্রচারণা চালাতে থাকেন। বুধবার দুপুর থেকে এলাকায় মাইকিং করে মিথ্যা অপপ্রচার ও ঘৃণা ছড়িয়ে জনগণকে উত্তেজিত করা হয়। আক্রমণের পরিস্থিতি সৃষ্টি হলে আমরা তাৎক্ষণিকভাবে জেলা ও পুলিশ প্রশাসনকে জানাই। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও যথাসময়ে পুলিশ মোতায়েন করা হয়নি।’দুঃখ প্রকাশ: গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের বরাত দিয়ে বলা হয়েছিল, সমাবেশের জন্য আহমদিয়া সম্প্রদায় জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নেয়নি। রাতে জেলা প্রশাসক জানিয়েছিলেন, ‘পুলিশ ও জেলা প্রশাসনের মতামতের ভিত্তিতে স্কাউট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আহমদিয় মুসলিম জামাত ওই অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু ভুলবশত জেলা প্রশাসকের আগের বক্তব্যই ছাপা হয়। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’