মামলা-হামলার ভয়ে পুরুষশূন্য কবাখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজারে ৬ আগস্ট রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে কবাখালী এলাকা। ঘটনার পর থেকে মামলা-হামলার ভয়ে বিএনপি-সমর্থক ও সাধারণ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
ফলে কবাখালী বাজার এবং হাচিনসনপুর ও মুসলিমপাড়া গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ঘটনার পর কবাখালী বাজারে দোকানপাট খুলতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ-সমর্থিত একটি পক্ষ। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নওশাদের বিরুদ্ধে নিরীহ মানুষের ওপর বাজারে হামলার অভিযোগ উঠেছে। কবাখালী এলাকায় পুলিশ মোতায়েন করা হলেও হামলার ভয় ও আতঙ্কে সাধারণ মানুষ মুখ খুলতে চাচ্ছেন না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনকে প্রধান আসামি করে ৩৪ জনের নামে মামলা দায়ের করেছেন।
সম্প্রতি কবাখালী বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে তেমন লোকজন নেই। বন্ধ কয়েকটি দোকানের সামনে রয়েছে পুলিশ পাহারা। বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শুক্রবার দোকান খুলতে গেলে আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের নিষেধ করেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা যুবলীগ নেতা নওশাদ। ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও হামলার ভয়ে দোকান বন্ধ রেখেছেন তাঁরা।
রশিকনগর দাখিল মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার কবাখালী বাজারে এলে যুবলীগ নেতা নওশাদ স্থানীয় একটি ক্লাবে নিয়ে আমাকে মারধর করেন।’ মো. সহিদ নামে এক যুবক বলেন, ‘শুক্রবার দুপুরে বাজারে গেলে আলমগীর ও হাফিজুলসহ কয়েকজন আমাকে বিএনপি-সমর্থক হিসেবে আখ্যা দিয়ে মারধর করেন। শুক্রবার রাতে অষ্টম শ্রেণির ছাত্র রিয়াজুল ইসলামকে নওশাদ ও তাঁর লোকজন মারধর করেছেন। বিভিন্ন বাড়িতে গিয়েও পুরুষদের খোঁজ করা হচ্ছে। এ কারণে গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে।’
এদিকে আওয়ামী লীগের কর্মীরা মামলার আসামি করা নিয়ে বাণিজ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টাকার বিনিময়ে মূল আসামিদের বাদ দিয়ে নিরীহ লোকজনকে আসামি করা হচ্ছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পর মামলা নিয়ে বাণিজ্য শুরু হয়েছে। শনিবার সকালে মুসলিমপাড়া এলাকার মো. হাবিল নামে এক যুবককে ধরে মারধর করে পুলিশে সোর্পদ করা হয়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে থানা থেকে ছাড়িয়ে আনেন। মামলার বাদী জামাল হোসেন বলেন, মামলা নিয়ে কোনো বাণিজ্য করা হচ্ছে না। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নওশাদ বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি বাজারের দোকানপাট খুলতেও বাধা দিইনি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কবাখালী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।