মামা টিভির অ্যানিমেশনে সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন ধানমন্ডি লেকে দেখা গেল এক ছোট্ট বিড়ালকে। টইটই করে ঘুরে সে একখানা ছিপ নিয়ে এল লেকের মাছ ধরতে। বিড়ালের এই কারসাজি বুঝতে পারল লেকের একটি মাছ। সে পানির নিচে ছিপটি পড়তেই তা টেনে নিয়ে পেঁচিয়ে দিল একদিকের একটা গাছের গুঁড়ির সঙ্গে আর আরেকদিক একটি গাড়ির সঙ্গে। বিড়াল ছিপ টান দিয়ে মনে করল, সে বিশাল এক মাছ ধরেছে। জোরে টান দিতে গিয়ে অমনি পানিতে পড়ে গেল গাড়ি, ছিপে উঠে এল গাছের গুঁড়ি, লেকের পানি উপচে সব মাছ ওপরে আকাশের দিকে উঠল আর পাখিগুলো ভিজে চুপচুপে হয়ে পানিতে পড়ল। এই বিকট শব্দে উঠে এল বাঘ। এ বাঘ আবার কথাও বলতে পারে! বলে, ওরে বাবা! সব দেখি উল্টাপাল্টা।

দিনের বেলায় এই বিড়াল, মাছ ও গাড়ির কাণ্ড দেখে ভীষণ বিরক্ত বাঘ। সবার মধ্যে বন্ধুত্ব তৈরি করতে সে এক বুদ্ধি বের করল। দেশের আনাচকানাচে ঘুরতে সে বিড়াল ও মাছকে নিয়ে উঠে পড়ল গাড়িতে। আর অমনি গাড়ি হয়ে গেল ট্রেন!

শুনতে অবাক ঠেকলেও এখন ধানমন্ডি লেকে এদেরই রাজত্ব। কোয়ারেন্টিনের দিনগুলোতে যখন সবাই বাড়িতে, তখন ধানমন্ডি লেকের চারপাশ দাপিয়ে বেড়াচ্ছে এই বাঘ, বিড়াল, মাছ আর গাড়ি। তাদের নাম বাঘা, বিল্লু, ফিশি আর ভুমভুম। তাদের সারা দিনের হইচই, গল্প আর ছড়া দেখা যাবে ইউটিউব চ্যানেল মামা টিভির অ্যানিমেশনে।

দিনে দিনে বেড়ে চলছে ডিজিটাল মাধ্যমে বিনোদনের সুযোগ। তবে ছোটদের জন্য তৈরি করা অ্যানিমেশনগুলোর বেশির ভাগই বিদেশের। এগুলোতে দেখা যায় ইংরেজি ছড়া ও সংলাপ। সেই দিক বিবেচনা করলে এই প্রজন্মের কাছে দেশের লেখক-সাহিত্যিকদের কবিতা-ছড়া অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার প্রয়াস অনেকটাই কম। বাঘা, ফিশি, ভুমভুম আর বিল্লুকে নিয়ে ছোট ছোট গল্প আর সুকুমার রায়, শামসুর রাহমানের ছড়া নিয়ে তৈরি বিডস প্রোডাকশন হাউসের মামা টিভির এক একটি অ্যানিমেশন। চার বন্ধুর প্রয়াসে ২৩ এপ্রিল যাত্রা শুরু মামা টিভির।

এই ইউটিউব চ্যানেলের অন্যতম উদ্যোক্তা ইফতি রহমান বলেন, ‘আমরা চারজন চার পেশায় নিয়োজিত। তবে অ্যানিমেশনের প্রতি আগ্রহ আমাদের প্রবল। শখের বশে শুরু করলেও এখন প্রত্যাশা অফুরন্ত। এখনো আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করে যাচ্ছি। দেশবরেণ্য আরও কবি-সাহিত্যিকদের লেখা গল্প ও ছড়া দিয়ে ভিডিও বানাতে চেষ্টা করছি।’

আরেক উদ্যোক্তা আসিফুর রহমান বলেন, ‘বিদেশি অ্যানিমেশনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টায় আমরা মূলত কাজ করে যাচ্ছি। আগামী প্রজন্ম যাতে আমাদের শিল্প-সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়, এদিকটা এখন বিবেচনার বিষয়।’

অ্যানিমেশনে ছড়া-কবিতা তুলে ধরার পাশাপাশি শিশুদের লেখাপড়াবিষয়ক শিক্ষণীয় ভিডিও বানানোর প্রস্তুতি চলছে মামা টিভির। এই টিমে আরও রয়েছেন সাগর নীল খান, বিজন খান ও অ্যানিমেটর হিসেবে কাজ করেছেন এহসান প্রতীক।