সুনামগঞ্জের দোয়ারাবাজারে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়। ঝিনাইদহের মহেশপুর, ঢাকার সাভার, ধামরাই, মানিকগঞ্জ, ফরিদপুরের নগরকান্দা, বগুড়ার ধুনট ও রংপুরের পীরগাছায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলার জলসি গ্রামের দিলোয়ার হোসেন (৪৫) তাঁর পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয়কে নিয়ে গতকাল ছাতক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। বিকেল পাঁচটায় ধারণবাজারে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিলোয়ার হোসেন, তাঁর ভাগনি রুহেনা বেগম (১৯) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। এতে দিলোয়ারের স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ: মহেশপুর-যাদবপুর সড়কের চড়কতলা এলাকায় গতকাল একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের যাত্রী নাটিমা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান (৪০) নিহত হন। মতিয়ার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরে আসার পথে চড়কতলায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় যশোরে নেওয়ার পথে চৌগাছা বাজারের কাছে তিনি মারা যান।মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় গতকাল তিতাস পরিবহনের একটি বাসের চাপায় আবদুল বাতেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। তিনি আমিনবাজার এলাকার বাসিন্দা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সকাল নয়টায় আমিনবাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করে এবং তিতাস পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। সাভার থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বাসের চালককে গ্রেপ্তার এবং আমিনবাজার এলাকার মহাসড়কসংলগ্ন সব বাস কাউন্টার তুলে দেওয়ার আশ্বাস দিলে বেলা ১১টায় জনতা অবরোধ তুলে নেয়। একই মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া এলকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যাত্রী নিহত এবং ৪০ জন আহত হয়। একই মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাতনামা এক নারী যাত্রী নিহত হন এবং ৪০ জন আহত হয়।ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া এলাকায় গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসচালকের সহকারী দেলোয়ার হোসেন (৪৫) নিহত এবং আরও ২০ জন যাত্রী আহত হয়।ধুনট (বগুড়া): উপজেলার ভরণশাহী গ্রামের রাস্তায় গত মঙ্গলবার একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি খাদে পড়ে যায়। এতে ওই ভটভটির যাত্রী বেলকুচি গ্রামের আবদুস ছাত্তার (৫০) নিহত হন।পীরগাছা (রংপুর): রংপুর-সুন্দরগঞ্জ মহাসড়কসংলগ্ন সুবিদ ঈদগাহ মাঠের কাছে গত মঙ্গলবার একটি ভটভটির চাপায় অনন্যা (৪) নামের এক শিশু মারা গেছে। সে সুবিদ গ্রামের ওসমান গণির মেয়ে।