মামা-ভাগনে, শ্বশুর-জামাই ভাই-ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর ও শ্যামনগর উপজেলায় আর কদিন পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। বিভিন্ন স্থানে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে আপন ভাই, শ্বশুর-জামাই ও মামা-ভাগনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন জমে উঠেছে। তাঁরা প্রত্যেকেই নিজেকে জনপ্রিয় বলে দাবি করছেন। এতে কাকে ভোট দেবেন, তা নিয়ে ভোটাররা আছেন দ্বিধাদ্বন্দ্বে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের আলীপুর ইউপি নির্বাচনে আপন দুই ভাই আবদুর রউফ ও মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্যামপুর উপজেলার ঈশ্বরীপুর ইউপি নির্বাচনের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল গাজী, মোহাম্মদ আলী, মুজিবর রহমান, মো. শফিউল্লাহ ও আলী আশরাফ । তাঁদের মধ্যে আবদুল গাজীর জামাই মোহাম্মদ আলী, মুজিবর রহমানের ভাগনে মো. শফিউল্লাহ ও তাঁর ভগ্নিপতি আলী আশরাফ।সাতক্ষীরা সদরের আলীপুর ইউপিতে আবদুর রউফ তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁরই ছোট ভাই মোস্তাফিজুর রহমান। খোঁজ নিয়ে জানা গেছে, আবদুর রউফ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মোস্তাফিজুর রহমান জামাতের সমর্থক।আবদুর রউফ জানান, তিনি প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এ নির্বাচনেও তিনি নির্বাচিত হবেন বলে আশা করেন। মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় মানুষের ইচ্ছায় তিনি নির্বাচন করছেন। এই এলাকার মানুষ তাঁর ভাইয়ের নানা কাজে ক্ষুব্ধ হয়ে তাঁকে নির্বাচন করার ব্যাপারে উৎসাহিত করেছে।সাতক্ষীরা সদর উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম জানান, দলীয়ভাবে তাঁরা মোস্তাফিজুর রহমানকে সমর্থন দিয়েছেন। মোস্তাফিজুর রহমান তাঁদের লোক।শ্যামপুরের ঈশ্বরীপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শ্বশুর আবদুল গাজী জানান, তিনি তাঁর জামাইকে না দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। জামাই মোহাম্মদ আলী জানান, তিনি অনেক আগে থেকে এলাকায় গণসংযোগ করছেন। তিনি তাঁর শ্বশুরকে একই অনুরোধ করেছিলেন।মামা মুজিবর রহমান জানান, তিনি ভাগনে মো. শফিউল্লাহ ও ভগ্নিপতি আলী আশরাফকে না দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। শফিউল্লাহ জানান, স্থানীয় ভোটাররা তাঁকে এলাকার ইউপি সদস্য হিসেবে দেখতে চান। নিজের ইচ্ছায় নয়, ভোটারদের অনুরোধে তাঁকে দাঁড়াতে হয়েছে। আশরাফ আলীর সঙ্গে চেষ্টা করেও কথা বলা যায়নি।