মামা-ভাগনের লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট লড়াইয়ে নেমেছেন মামা-ভাগনে। মামা আবদুল্যাহ আল মামুন এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র পদপ্রার্থী। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান মেয়র। একই পৌরসভায় একই পদে ভোট লড়াইয়ে নেমেছেন তাঁর ভাগনে শাহাদৎ হোসেন। তিনি জাসদ মনোনীত মেয়রপ্রার্থী ও পৌর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে মামা-ভাগনের মধ্যে ভোট লড়াই হচ্ছে। দুজনেরই বাড়ি সুন্দরগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায়। তাঁরা দুজনই পৃথকভাবে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ।
আবদুল্যাহ আল মামুন বলেন, ‘নির্বাচন করা তো সবার নাগরিক অধিকার। তিনি নির্বাচন করছেন, আমিও করছি। ভোটাররা যাকে ভালো মনে করবেন, তাঁকেই নির্বাচিত করবেন।’ একই ধরনের মন্তব্য করেন শাহাদৎ হোসেনও।