লালমনিরহাটে গতকাল সোমবার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই পেশায় শিক্ষক। একই দিনে নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটি পোশাক কারখানার কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।লালমনিরহাট সদর উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তায় মাছের পোনা কেনার জন্য এসেছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল গ্রামের আবদুল লতিফ (৫৫) ও তাঁর ভাগ্নে রাজারহাট উপজেলার তালুক সাবুল গ্রামের নজরুল ইসলাম (৩৫)। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে ওঠার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী মালবোঝাই একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত আবদুল লতিফ মণ্ডলেরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নজরুল ইসলাম বড়ঘাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত লতিফের ছেলে এ ব্যাপারে মামলা করেছেন। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে রাস্তার পাশের পুকুর থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কায়পুরে অবস্থিত রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফকির নিটওয়্যারের সহকারী ব্যবস্থাপক হারুন-অর-রশিদ (৫০) আড়াইহাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নারায়ণগঞ্জে আসছিলেন। পথে বন্দর উপজেলার মদনপুর-আড়াইহাজার এশিয়ান হাইওয়ে সড়কের সুরুজ শাহ্ মাজারসংলগ্ন এলাকায় আড়াইহাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার চালক আবদুল কাদের (৫০)। গুরুতর আহত হন ফকির নিটওয়্যারের সহকারী ব্যবস্থাপক হারুন-অর-রশিদ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত হারুন-অর-রশিদ আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া এলাকার ইন্নত আলীর ছেলে। সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল কাদের সোনারগাঁও উপজেলার বাদুরিকান্দা এলাকার মৃত শওকত আলীর ছেলে।