মামা যখন আপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় আছে ‘মামা ভাগনে যেখানে, আপদ নেই সেখানে’। সেই প্রবাদকে হার মানিয়ে খোরশেদ আলম (২০) নামের এক মামা তাঁর ভাগনেকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অবশ্য সফল হননি তিনি। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার।
টাকার জন্য বোনের ছেলেকে অপহরণ করার কথা স্বীকার করে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুইয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন খোরশেদ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, চার বছর বয়সী ভাগনেকে গত মঙ্গলবার রাতে ফটিকছড়ির আদর্শগ্রাম থেকে উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, অপহৃত শিশুটির বাবা কামাল হোসেন সৌদিপ্রবাসী। বোন শাহিন আক্তারের সঙ্গে নগরের বাকলিয়া এলাকায় থাকতেন খোরশেদ। গত সোমবার বেলা একটার দিকে শিশু রাহিদ বিন কামালকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে কালামিয়া বাজারে নিয়ে যান মামা। পূর্ব পরিকল্পনামতো সেখানে একটি প্রাইভেটকার নিয়ে অপেক্ষা করছিলেন খোরশেদের এক বন্ধু। শিশুটিকে গাড়িতে তুলে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন তাঁরা। পরে শিশুটিকে নগরের অক্সিজেন মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অটোরিকশায় করে ফটিকছড়ির আদর্শগ্রাম এলাকায় নেওয়া হয়।
এদিকে খোরশেদ বাসায় ফিরলে তাঁর বোন জানান, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে খোরশেদ ভাগনেকে খোঁজার অভিনয় করেন। ইতিমধ্যে শিশুটির মায়ের কাছে ৬ লাখ টাকার মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই দিন রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাকলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন শিশুটির মা। অভিযানে নেমে পুলিশ মামাকে সন্দেহ করে। মামার সঙ্গে অপহরণকারীদের নিয়মিত যোগাযোগ রয়েছে বিষয়টি আঁচ করতে পারে পুলিশ। মঙ্গলবার বিকেলে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শিশুটিকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীরা পালিয়ে যায়।
গতকাল বেলা ১১টার দিকে নগর পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে খোরশেদ আলম সাংবাদিকদের জানান, বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে টাকার জন্য ভাগনেকে অপহরণ করেন তিনি। এর জন্য তিনি অনুতপ্ত। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।