মামা হত্যায় ভাগনের মৃত্যুদণ্ড
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মামাকে হত্যার দায়ে ভাগনেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জল মো. গোলাম কিবরিয়া এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম নিবাস চন্দ্র শীল (৩০)। বাড়ি সদর উপজেলায়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিবাস।
হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম হেমলাল শীল। তাঁর বাড়ি নাজিরপুর উপজেলায়।
সম্পর্কে নিবাসের মামা হন হেমলাল।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মামা হেমলালের কাছে টাকা পেতেন ভাগনে নিবাস। এ নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের সেপ্টেম্বরে নিবাসের ছুরিকাঘাতে খুন হন হেমলাল। নিবাসকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় হেমলালের ছেলে শ্যামল চন্দ্র শীল বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে নিবাসকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের নভেম্বরে নিবাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আজ রায় ঘোষণা করেন আদালত।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়েছে। তারা বলছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।