মামাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মামা হাবিবুর রহমানকে পিটিয়ে হত্যার হায়ে ভাগনে সম্রাট হাওলাদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক ওই আদেশ দেন। জামিনে থাকা আসামি সম্রাট হাওলাদার পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত সম্রাট হাওলাদার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি এলাকার ওফাজউদ্দিন হাওলাদারের ছেলে।
আদালতের সরকারি কৌঁসুলি গিয়াসউদ্দিন কাবুল জানান, ২০০৮ সালের ৮ মে জমি নিয়ে বিরোধের জের ধরে হাবিবুর রহমানকে পিটিয়ে জখম করে ভাগনে সম্রাট হাওলাদার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।