মামাকে হত্যার পর মাদকাসক্ত সোহেল কাঁঠালগাছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করার পর একটি কাঁঠালগাছের ওপর বসেছিলেন মাদকাসক্ত সোহেল রানা (২০)। পুলিশ গত শনিবার দিবাগত মধ্যরাতে ওই কাঁঠালগাছের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।
হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। সোহেল কালিয়াকৈর উপজেলার রশিদপুর দক্ষিণপাড়া এলাকার রাহাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর দক্ষিণপাড়া এলাকায় গত শনিবার সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে সোহেল রানা তাঁর মামা আফাজ উদ্দিনকে (৪৮) কুপিয়ে হত্যা করেন। আফাস উদ্দিন তাঁর বোনের বাড়িতে সাত দিন আগে বেড়াতে আসেন। ঘটনার পর থেকেই ভাগনে সোহেলসহ পরিবারের সদস্যরা পালিয়ে যান। সোহেল বাড়ি থেকে পালিয়ে প্রায় অর্ধকিলোমিটার দূরে একটি কাঁঠালগাছে উঠে বসে থাকেন। ওই এলাকার এক ব্যক্তি রাত সাড়ে ১২টার দিকে সোহেলকে গাছে দেখতে পান। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তবে বাড়ির অন্য সদস্যদের পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই আবদুস সবুর পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন রাহাজ উদ্দিন, ওয়াশিম, মো. শহীদ ও জসিম উদ্দিন। কালিয়াকৈর থানার এসআই মানোয়ার হোসেন জানান, সোহেল রানা মামাকে হত্যার কথা স্বীকার করেছেন।