মামাশ্বশুরের বাড়ি থেকে আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী কাজী হাবিবুর রহমান হত্যা মামলার আসামি নাহিদ হাসান ‘পুলিশের চোখে’ পলাতক ছিলেন। কিন্তু পলাতক থাকা অবস্থাতেই ঘটা করে তাঁর বিয়ে হয়। আনুষ্ঠানিকতায় অংশ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে পুলিশ শেষ পর্যন্ত মামাশ্বশুরের বাড়ি থেকে নাহিদকে গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকায় এক মামাশ্বশুরের বাড়ি থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। নাহিদ এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হয়।
কাজী হাবিব ১৯ জানুয়ারি প্রতিপক্ষের হাতে খুন হন। এ ঘটনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি হোসাইন মো. সাগরসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়। বাদী হলেন কাজী হাবিবের ভাই কাজী জাকির হোসেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসামি ১১ জনসহ ১৫ জনকে ৫ ফেব্রুয়ারি স্থায়ীভাবে বহিষ্কার করে।
পুলিশ সূত্র জানায়, আসামিরা সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতা-কর্মী হওয়ায় গ্রেপ্তার এড়াতে নানা কৌশলে গা ঢাকা দিয়ে চলেছেন। নাহিদ সম্প্রতি সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে ঘটা করে বিয়ে করেন। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি জানাজানি হলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী প্রথম আলোকে বলেন, নাহিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর মাধ্যমে অন্য আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী সময়ে গ্রেপ্তার অভিযান চালানো হবে।