মামা-ভাগনের দ্বন্দ্বেই বিএনপি প্রার্থী বিজয়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌরসভায় মামা-ভাগনের দ্বন্দ্বের কারণেই বিএনপির মনোনীত প্রার্থী ফাহমিদ ফয়সালের জয় নিশ্চিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। তাঁদের মতে, মামা-ভাগনে এক হয়ে নির্বাচন করলে ফলাফল অন্য রকম হতে পারত।
তবে বিএনপির নেতা-কর্মীরা বলছেন, সারা দেশে বিএনপির পক্ষে যে সমর্থন রয়েছে তারই ধারাবাহিকতায় এখানে তাঁদের দল বিজয়ী হয়েছে।
জলঢাকায় বিবাদে জড়িয়ে থাকা এই মামা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ এবং তাঁর ভাগনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন। এই ইলিয়াছ হোসেন আবার সম্প্রতি জাতীয় পার্টি থেকে কৃষক লীগে যোগ দিয়েছিলেন।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন বলেন, এটা স্থানীয় নির্বাচন। এখানে মামা-ভাগনের দ্বন্দ্বের কারণে বিএনপি জিতেছে। তাঁদের পারিবারিক ভোটও ভাগ হয়েছে। দলীয় দু-একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করলেও সেটা খুব বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। তা ছাড়া জলঢাকা পৌর আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ইলিয়াছ হোসেনের চাচা। তিনিও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে ভাতিজার পক্ষে কাজ করেন।
আওয়ামী লীগ নেতা সহিদ হোসেন আরও বলেন, পৌরসভার একদিকে মামা-ভাগনের বাড়ি। আর অপরদিকে ফাহমিদ ফয়সালের বাড়ি। তিনি ৯ হাজার ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মামা-ভাগনে মিলে পেয়েছেন ১২ হাজার ২৯৬ ভোট। এর মধ্যে ভাগনে ইলিয়াছ পেয়েছেন ৭ হাজার ৫৪০ ভোট।
তবে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সেলিম ফারুক বলেন, বিজয়ী মেয়র পদপ্রার্থী ফাহমিদ ফয়সালের বাবা একজন জনপ্রিয় নেতা ছিলেন। গত পৌর নির্বাচনে ভোট জালিয়াতির
কারণে ফাহমিদ ফয়সাল পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপরও তিনি গণমানুষের সঙ্গেই ছিলেন। মোটের ওপর সারা দেশে বিএনপির পক্ষে যে জনসমর্থন রয়েছে, তারই ধারাবাহিকতায় এখানে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বলেন, ‘এখানে আমাদের দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। তা ছাড়া আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিয়েছে।’
জলঢাকায় মেয়র পদে আওয়ামী লীগের ছয়জন মনোনয়নপ্রত্যাশী মাঠে নামলেও বিএনপির একমাত্র প্রার্থী ছিলেন ফাহমিদ ফয়সাল। আবদুল ওয়াহেদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তাঁর ভাগনে ইলিয়াছ হোসেন স্বতন্ত্র প্রার্থী হন। ইলিয়াছ হোসেন ২০১১ সালে উপনির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।