মামি ও মামাতো বোনকে খুনের দায়ে একজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে তিন হাজার টাকার জন্য মামি ও মামাতো বোনকে খুনের দায়ে আমির হোসেন (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরেক মামাতো বোনকে কুপিয়ে হাতের চারটি আঙুল ফেলে দেওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমদ এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া যুবক জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে জানান, ২০১১ সালের ৭ জুলাই সন্দ্বীপের গাছুয়া এলাকায় তিন হাজার টাকা চেয়ে না পেয়ে মামি নিলুফা বেগম, তাঁর সাত বছর বয়সী মেয়ে খতিজা আক্তারকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ছাড়া সাথী আক্তার নামে ১১ বছর বয়সী নিলুফা বেগমের আরেক মেয়েকে কুপিয়ে হাতের চারটি আঙুল ফেলে দেয়। এ ঘটনায় আবদুল কাদের বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করলে পুলিশ অভিযোগপত্র দাখিল করে।