মামি চুরির অপবাদ দেওয়ায় মামাতো বোনকে হত্যা
চুরির অপবাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিন বছর বয়সী মামাতো বোনকে পানির ড্রামে চুবিয়ে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এক কিশোরী (১৫)। গত বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকার আলীশাহ পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত শিশুর নাম রিয়া মণি (৩)। এ ঘটনায় বুধবার রাতে মামলার পর ওই কিশোরীকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে জবানবন্দি দেয় ওই কিশোরী। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নেওয়াজ প্রথম আলোকে বলেন, নিহত রিয়া মণি ও কিশোরীর পরিবার বন্দরটিলার আলীশাহ পাড়ায় পাশাপাশি বাসায় থাকে। গত মঙ্গলবার রিয়ার বাবা হাবিবুর রহমানের দুই হাজার টাকা চুরি হয়। বাসা থেকে এই টাকা চুরির ঘটনা ঘটে। এ জন্য রিয়ার মা ওই কিশোরীকে অভিযুক্ত করেন। পরে তাকে বকাঝকা করা হয়। এতে সে অপমানিতবোধ করে। রিয়ার বাবা-মা দুজনেই ইপিজেডে পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার দুপুরে রিয়াকে খেলতে ডেকে নিয়ে যায় ওই কিশোরী। একপর্যায়ে তাকে একটি ব্যাগের ভেতর লুকাতে বলা হয়। লুকানোর পর রিয়াকে বাসার পাশের পানিভর্তি ড্রামে ফেলে দেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা গোলাম নেওয়াজ বলেন, বুধবার সন্ধ্যায় মা-বাবা কারখানা থেকে বাসায় ফিরে দেখেন, রিয়া নেই। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাননি তাঁরা। পরে রিয়ার ছয় বছর বয়সী বড় বোন জানায়, দুপুরে মামাতো বোনের (ওই কিশোরী) সঙ্গে খেলা করেছিল রিয়া। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা বাসার পাশের পানির ড্রামের ভেতর থেকে রিয়ার লাশ উদ্ধার করেন। কিশোরীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে সে খুনের কথা স্বীকার করে।