মামুন আল মাহতাব এসএএএসএলের সাধারণ সম্পাদক

সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের (এসএএএসএল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল)। গত শুক্রবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভায় মামুন আল মাহতাবকে সর্বসম্মতিক্রমে এসএএএসএলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অধ্যাপক মামুন আল মাহতাব বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান। পাশাপাশি তিনি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো এন্টারোলজি ও মেটাবোলজি বিভাগের ভিজিটিং গবেষক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মামুন আল মাহতাব। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গ্যাস্ট্রো এন্টারোলজিতে এমএসসি এবং ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে হেপাটোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন।
চিকিৎসাবিজ্ঞানে গবেষণার পাশাপাশি লেখালেখিতেও যুক্ত আছেন মামুন আল মাহতাব। তাঁর প্রকাশিত অনুবাদগ্রন্থ হেনরি কিসিঞ্জারের ‘হোয়াইট হাউস ইয়ারস’ অবলম্বনে ‘প্রেক্ষাপট : বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ এবং মেজর জেনারেল (অব.) লক্ষণ সিংয়ের ‘ভিক্টরি ইন বাংলাদেশ’ অবলম্বনে ‘একাত্তরের বিজয়’। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রবন্ধ সংকলন ‘সেকাল একালের কড়চা’ এবং ‘লিভার চিকিৎসায় নতুন সম্ভাবনা’। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।
এ পর্যন্ত তিনি লিভারবিষয়ক বেশ কয়েকটি পাঠ্যবই সম্পাদনা করেছেন। এর মধ্যে রয়েছে ‘টেক্সট বুক অব হেপাটাইটিস বি’, ‘টেক্সট বুক অব হেপাটোগ্যাস্ট্রো এন্টারোলজি’ ও ‘হেপাটোগ্যাস্ট্রো এন্টারোলজি প্রেসক্রাইবার’। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বৈজ্ঞানিক জার্নালে তাঁর দুই শতাধিক প্রকাশনা রয়েছে।